দেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে ‘বিরাজনীতিকরণের ষড়যন্ত্র’ হচ্ছে। তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে আটক করে রাখা, এটা নিছক আটক করে রাখা নয়। এর পেছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে, তা হচ্ছে বাংলাদেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র।’
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর নাট্যমঞ্চে আজ বুধবার বিকেলে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশে এখন মানুষের রাজনৈতিক অধিকার নেই। খালেদা জিয়াকে যদি বাইরে রাখে তাহলে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা দেশনেত্রীকে আটক করে রেখেছে।’
নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের ইতিহাস বলে, মানবসভ্যতার ইতিহাস বলে, কিছুদিনের জন্য এভাবে অন্যায়-অবিচার, দুর্নীতি-দমননীতি চালিয়ে ক্ষমতায় থাকা যায়, তবে চিরকালের জন্য থাকা যায় না। অতীতে যেভাবে স্বৈরাচারকে পরাজিত করা হয়েছে, যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আজকে যারা দখলদার বাহিনী, এই আওয়ামী লীগকে আন্দোলনের মাধ্যমে সরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যে দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য একটি দেশের পার্লামেন্টে অসত্য ভাষা দিয়ে নানাভাবে আমাদের দুর্নাম করার চেষ্টা করা হচ্ছে। আজকে সে জন্য এই দেশের মানুষ সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত।’
‘এনআরসি নিয়ে আমরা চুপচাপ’
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এনআরসি নিয়ে সারা ভারতে তোলপাড়। কিন্তু আমরা (বাংলাদেশ) চুপচাপ। সরকার বলছে, এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, গঙ্গা তিস্তার পানি দেবে না, সেটাও ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সব বিষয় অভ্যন্তরীণ ব্যাপার হয় না। কোনো দেশের কোনো সিদ্ধান্ত যদি অপর দেশকে আঘাত করে, তার জাতীয় স্বার্থে আঘাত করে—তখন সেটা অভ্যন্তরীণ ব্যাপার বলে ধামাচাপা দেওয়ার সুযোগ থাকে না।’
গয়েশ্বর রায় বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য দিচ্ছেন পার্লামেন্টে। তাঁর বক্তব্যের পরে আমি বিভ্রান্ত, তিনি কি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী? তাঁর বক্তব্য ছিল পরিষ্কারভাবে, আওয়ামী লীগ যেসব কথা বিএনপির বিরুদ্ধে বলে, সেই সব কথাই তিনি ভারতের পার্লামেন্টে প্রয়োগ করেছেন।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলবে বাংলাদেশে, সেটা যদি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলে, তাহলে কাকে আমরা বলব? আমরা তো ভারতের শত্রু না, তাদের বিপক্ষে না। কিন্তু তাদের কথাবার্তায় মনে হয় তারা বাংলাদেশের বিপক্ষে, তারা শুধু আওয়ামী লীগের পক্ষে।’ এ সময় গয়েশ্বর চন্দ্র রায় মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
‘বেয়াদবির একটা সীমা থাকা দরকার’
আলোচনা সভায় বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আজকে বক্তার সংখ্যা অনেক। আমাদের প্রবীণ নেতারা বলছিলেন, আমাদের জুনিয়র নেতারা প্রতিযোগিতা করে সমানে বক্তৃতা দিলেন, এখন সিনিয়র নেতারা বক্তৃতা দেওয়ার সময় পাচ্ছেন না।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘গতকাল আমরা একটা পরীক্ষা করেছিলাম নয়াপল্টনে। আমি, মহাসচিব, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর রায়সহ সব স্ট্যান্ডিং কমিটির সদস্য একটা পরীক্ষা করেছিলাম। সেই পরীক্ষায়ও আমাদের জুনিয়র নেতারা ফেল করেছে। খেয়াল করেছেন নিশ্চয়, গতকাল ট্রাকের ওপরে ওরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আমরা নিচে দাঁড়িয়ে আছি। বেয়াদবির একটা সীমা থাকা দরকার।’
মির্জা আব্বাস বলেন, ‘এই দলে এই ধরনের বেয়াদবি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, নিয়মকানুন না মানা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো আন্দোলন করতে পারবেন না। নিয়ম-শৃঙ্খলার মধ্যে দলটাকে আনতে হবে। রাজপথে আমরা যদি সুশৃঙ্খলভাবে আন্দোলন করতে না পারি, তাহলে ছোট ঘরে লম্বা কথা বলতে পারব, কিন্তু লম্বা কাজ করতে পারব না।’
মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, হাবিব–উন–নবী খান প্রমুখ।