‘দুষ্কৃতকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান দেশে বিরাজমান দুঃশাসনেরই বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার বিষয়ে গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া উগ্রবাদী শক্তিকে নির্মূল করতে দলমত-নির্বিশেষে সবার সমন্বিত প্রচেষ্টাকে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে তিনি জঙ্গি দমনের নামে রমজানের শুরুতে সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযানে গণগ্রেপ্তার এবং ‘বন্দুকযুদ্ধে’ মানুষ হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন।
বিবৃতিটি গণমাধ্যমে পাঠানোর আগে গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এটি পড়ে শোনান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টায় দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ ঘটনার নিন্দা জানানো হয়। বিবৃতিতে বাংলাদেশের ইতিহাসে এই নজিরবিহীন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার রাত থেকে শুরু হয়ে আজ শনিবার) সকাল পর্যন্ত দুষ্কৃতকারীদের সংঘটিত প্রাণবিনাশী ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।’
বিবৃতিতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, অগণতান্ত্রিক শাসনব্যবস্থার ফলে সৃষ্ট অগণতান্ত্রিক সংস্কৃতি মিলেমিশে দেশে এমন এক রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে, যা পৈশাচিক স্বৈরতন্ত্রে অধঃপতিত হয়েছে, যার বিকৃত প্রতিক্রিয়া সারা দেশে ফুটে উঠতে শুরু করেছে। গত রাতের দুষ্কৃতকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান দেশে বিরাজমান দুঃশাসনেরই বহিঃপ্রকাশ।
উগ্রবাদ মোকাবিলায় দলমত-নির্বিশেষে পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি খালেদা জিয়া তাঁর আহ্বানের কথা পুনরুল্লেখ করে বলেন, সরকার তাঁদের সেই আহ্বানকে উপেক্ষা করেছে। তিনি অভিযোগ করেন, প্রকৃত জঙ্গি দমনে কোনো ধরনের ইতিবাচক তৎপরতা দেখানো দূরে থাক, বরং বিএনপিকে অভিযুক্ত করতে ব্লেমগেম খেলতে গিয়ে সরকার জঙ্গিদের স্বাস্থ্যবান করেছে।
খালেদা জিয়া ‘গণগ্রেপ্তার’ ও ‘বন্দুকযুদ্ধে’ মানুষ হত্যার অভিযোগ করে বলেন, সরকারপ্রধান ও সরকারের লোকজন জঙ্গিবাদ দমনের নামে বেআইনি ও বিচারবহির্ভূত হত্যাকে জায়েজ করে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এত কিছুর পরও জঙ্গিদের বিবেকবর্জিত অপতৎপরতা থামাতে পারেনি সরকার।
খালেদা জিয়া সরকারের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, ‘এই নিষ্ঠুর বিবেকবর্জিত উগ্রবাদী শক্তিকে নির্মূল করতে দলমত-নির্বিশেষে সবার সমন্বিত প্রচেষ্টাকে কাজে লাগাই। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এখনই এই উগ্রবাদী শক্তিকে দমন করতে না পারলে এরা দীর্ঘতম যুদ্ধ চালিয়ে দেশের জনগণের শান্তি, সুস্থিতি, নিরাপত্তা বজায় রাখা কঠিন করে তুলবে।’
এ ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি গুলশানের বাসিন্দা, সে এলাকার বসবাসরত বিদেশি কূটনীতিক এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান।