বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। সংবাদপত্রের লোকজন সব খবর বলতে এবং লিখতে পারছেন না। দেশের মানুষের মৌলিক অধিকার বলে এখন আর কিছু নেই। গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের পাবলিক লাইব্রেরি চত্বরে জাতীয়তাবাদী যুবদলের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘সমগ্র বাংলাদেশ আজ এই শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্তি চায়। আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। সমালোচনা করা যায় না। তাঁদের অন্যায়ের কথা বলা যায় না।’ মির্জা ফখরুল গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে বলেন, ‘গণমাধ্যম আমাদের খবর প্রচার করে এক সেকেন্ড। আর সরকারের খবর প্রচার করে বিরাট করে।’ তিনি বলেন, দেশে নিরাপত্তা বলতে কিছু নেই। মা-বোনেরা নিরাপদে পথ চলতে পারেন না।
সম্মেলনে ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মির্জা ফয়সল আমিন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফরহাদ হোসেন, সহসভাপতি আবদুল খালেক প্রমুখ বক্তব্য দেন। এর আগে মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবদুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি সেখানে বলেন, আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাহায্যনির্ভর এবং রাজনৈতিকভাবে দেউলিয়া দল হয়ে গেছে।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।