দেশে রাজনীতিকদের নিরাপত্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘দেশে রাজনীতিবিদদের নিরাপত্তা নেই। সালাহ উদ্দিনের মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতাও হারিয়ে গেছেন। হাইকোর্ট সরকারকে বলেছেন সালাহ উদ্দিনকে হাজির করতে। সরকার সেই নির্দেশও পালন করেনি, এ কেমন সরকার।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল রোববার ‘চলমান পরিস্থিতি: উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বি চৌধুরী এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজক ছিল বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি নামের একটি সংগঠন।
বি চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন, খালেদা জিয়া সালাহ উদ্দিনকে পাচার করে দিয়েছেন। এভাবে কথা বলা যায় সংসদে? এ ধরনের সংসদ তৈরি হয়েছে ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের ফলে।’ তিনি বলেন, ‘একটি অনির্বাচিত সরকার দেশের মানুষের ঘুম হারাম করে দিয়েছে। দেশে জীবনের নিরাপত্তা নেই, রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, কথার স্বাধীনতা নেই। পেট্রলবোমা দিয়ে রাজনীতি সমর্থন করি না, নিখোঁজের রাজনীতিও সমর্থন করি না। ভোটের অধিকার ফিরিয়ে দাও, সেটাই দাবি।’
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘বর্তমান সংকটের যদি রাজনৈতিকভাবে সমাধান না করতে চান, তবে জাতীয় পর্যায়ে মারামারি দেখা দেবে, যা রাষ্ট্রের অস্তিত্বকে বিলুপ্ত করবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ ও গণতান্ত্রিক ব্যবস্থা কখনো একসঙ্গে যায়নি, যেতেও পারে না। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দায়িত্ব পালনে সক্ষম নয়। নিরপেক্ষ নির্বাচনই সংকটের সমাধান।’
সভায় গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী প্রমুখ বক্তব্য দেন।