দেশে রাজনৈতিক কোনো সংকট নেই: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কোনো রাজনৈতিক সংকট নেই বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির মতে, আগুন দিয়ে গাড়ি পোড়ানো, পেট্রলবোমা নিক্ষেপ ও মানুষ হত্যা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড। সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।
দেশের চলমান পরিস্থিতি অস্বাভাবিক নয় উল্লেখ করে হানিফ বলেন, জনগণ খালেদা জিয়ার ধ্বংসাত্মক রাজনীতি সমর্থন করছে না বলে জনগণের ওপর তিনি প্রতিশোধ নিচ্ছেন। খালেদা জিয়া গত সোমবার সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন বলেও তিনি দাবি করেন।
হানিফ বলেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। বোমাবাজি, পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারা কি রাজনৈতিক সংকট? এটা রাজনীতির অংশ হতে পারে না। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আর এ সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে নয়, প্রশাসনই মোকাবিলা করবে। তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়। যাতে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।
আওয়ামী লীগের এই নেতা বলেন, পেট্রলবোমার রাজনীতি কি সুস্থ রাজনীতির সহায়ক? গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে কি এই সন্ত্রাসী ও রক্তক্ষয়ী রাজনীতির কোনো সম্পর্ক আছে? পেট্রলবোমার মাধ্যমে জঙ্গিবাদী রাজনীতির উত্থান হচ্ছে। আইএসের সমন্বয়কারী গ্রেপ্তার হয়েছে, বড় ধরনের নাশকতামূলক ধ্বংসাত্মক কাজ করার পরিকল্পনা এঁটেছিল। খালেদা জিয়ার সঙ্গে এই জঙ্গিবাদী অপশক্তির সম্পর্ক আছে।
হানিফ বলেন, অবরুদ্ধ থাকলে খালেদা জিয়ার সঙ্গে কীভাবে নেতা-কর্মীরা দেখা করছেন। কীভাবে স্থায়ী কমিটির সভা করছেন। তিনি বলেন, যখনই তাঁর (খালেদা জিয়া) মামলায় হাজিরা থাকে, তখনই তিনি কোনো না কোনো পরিকল্পিত ঘটনা ঘটিয়ে হাজিরা থেকে রেহাই পেতে হরতাল-অবরোধ ডাকেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহমদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, আবদুল মান্নান খান, আবদুস সোবহান, আবদুর রাজ্জাক, ফরিদুন্নাহার লাইলী, বদিউজ্জামান ভূইয়া প্রমুখ।