দেশে শিশু ও নারী ধর্ষণ বেড়ে গেছে : এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ।
এইচ এম এরশাদ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান (তনু) হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে শিশু ও নারী ধর্ষণ ও হত্যা বেড়ে গেছে। এর কারণ, অপরাধীরা জানে ধর্ষণ বা হত্যা করলে আদালতে যেতে হবে না, বিচার হবে না, সাজাও হবে না। যদি বিচার হতো, সাজা হতো ও দোষীদের আদালতে যেতে হতো, তাহলে এসব হতো না বা অনেক কম হতো।
আজ মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জাতীয় পাটির দ্বিবার্ষিক-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ অভিযোগ করেন, দেশের বিভিন্ন ব্যাংক থেকে নানাভাবে ও কৌশলে ৩০ হাজার কোটি টাকা লুট হয়েছে। কিন্তু এ জন্য কারও বিচার বা সাজা হয়নি বা হবে না। নজিরবিহীনভাবে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট হচ্ছে। এসব টাকা বাংলাদেশের মানুষের, কিন্তু এ জন্যও কোনো বিচার হবে না। গুলি করে মানুষ মারলে, গুম করলে তার কিছু হয় না, বিচারও হয় না। 

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এ পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংস ঘটনায় ২১ জন মানুষ প্রাণ হারিয়েছেন, এমন আর কখনো হয়নি। আমাকে সাংবাদিকেরা প্রশ্ন করেন নির্বাচন গুলোতে আপনার দল জাতীয় পার্টির ভরাডুবি কেন? আমি তাদের বলি, জাপার প্রার্থীরা মাসলম্যান আর টাকার প্রভাবের কাছে বারবার হেরে যাচ্ছে, একে আমি ভরাডুবি বলে মানতে পারি না।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, যাঁরা সৎ ও যোগ্য তাঁদের অধিকাংশই বর্তমানে রাজনীতিতে টিকে থাকতে পারছেন না, টাকার প্রভাবে তাঁরা পিছিয়ে পড়ছেন।
আজ সন্ধ্যায় জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর ছোট ভাই জি এম কাদেরকে সভাপতি ও এ কে এম মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেন।
দীর্ঘ ছয় বছর পর আজ বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, জাপার রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ।