দেশে শ্বাসরুদ্ধকর অগণতান্ত্রিক পরিস্থিতি বিরাজ করছে: ফখরুল

বিজয় দিবসের শোভাযাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই বিজয় র্যালি ভারাক্রান্ত হৃদয়ে পালন করতে হচ্ছে। দেশে শ্বাসরুদ্ধকর অগতান্ত্রিক পরিস্থিতি বিরাজ করছে।’
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত বিজয় শোভাযাত্রার আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার মির্জা ফখরুল এসব কথা বলেন। বেলা তিনটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিজয় শোভাযাত্রা শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে তা শেষ হবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দেশে শ্বাসরুদ্ধকর অগতান্ত্রিক পরিস্থিতি বিরাজ করছে। সারা দেশের হাজারো মানুষ কারাবন্দী হয়েছেন। অনেক নেতা-কর্মী নিহত হয়েছেন। তাই আজকের এই বিজয় র্যালি ভারাক্রান্ত হৃদয়ে পালন করতে হচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই বিজয় গণতান্ত্রিক চেতনা নিয়ে যাঁরা রাজনীতি করছেন, তাঁদের জন্য। এই বিজয় শোভাযাত্রা মুক্তিযোদ্ধাদের। এই বিজয়কে আমাদের অর্থবহ করতে হবে। স্বাধীনতা, সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা চিরকাল অক্ষুণ্ন রাখতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলন সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, আজকের এই বিজয় র্যালি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে।
বিজয় শোভাযাত্রায় বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলের হাজারো নেতা-কর্মী অংশ নেন।
বিজয় শোভাযাত্রায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।