দেশের অগ্রগতিতে বিএনপির গাত্রদাহ হয়: তথ্যমন্ত্রী
দেশের অগ্রগতিতে বিএনপির গাত্রদাহ হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তি ও মানবাধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব—দশম লিবারেশন ডকফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এই উৎসবে ৫ দিনে ৪০টি দেশের ১৪০টি ছবি প্রদর্শিত হবে। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও উৎসব পরিচালক তারেক আহমেদ।
‘দেশের জিডিপি প্রবৃদ্ধি ভুয়া’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের জিডিপি যে ভারতকে ছাড়িয়েছে, তা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) স্বীকৃত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা চান না দেশের অগ্রগতি হোক। তাঁরা চান দেশের মানুষ দরিদ্র থাকুক। দেশের অগ্রগতিতে তাঁদের গাত্রদাহ হয়।’
প্রামাণ্যচিত্র উৎসব প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এ উৎসবের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ ও মানবাধিকার। আমাদের মতো এত প্রাণের বিনিময়ে, এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সব দেশ স্বাধীনতা অর্জন করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন যুগে যুগে পৃথিবীর ইতিহাসে, মানবসভ্যতার ইতিহাসে মুক্তিকামী মানুষের জন্য একটি উদাহরণ। এ ক্ষেত্রে চলচ্চিত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তথ্যমন্ত্রী। এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘সরকার যেভাবে ইউক্রেন থেকে নাবিকদের দেশে ফিরিয়ে এনেছে তা অভাবনীয়। এ জন্য ফিরে আসা নাবিকেরা ও তাদের পরিবার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ ফিরিয়ে আনার সব ব্যবস্থাও নিয়েছে সরকার। আমরা তার আত্মার শান্তি কামনা করি।’