দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ জনগণ মানবে না: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না। আজ শুক্রবার বিকেলে বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান তিনি।
নববর্ষ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস বর্ষবরণের এই অনুষ্ঠানের আয়োজন করে।
খালেদা জিয়া বলেন, দেশের অবস্থা দেখে অনেকে এগিয়ে আসতে চায় অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। আমরা বলতে চাই, আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধু হয়ে প্রভু হতে চায়, সেটা মানব না।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে খালেদা জিয়া নয়াপল্টনে পৌঁছান। গাড়ি থেকে নেমে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান তিনি।
বর্ষবরণের এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।