
ঢাকা সফররত চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠক শেষে বিএনপি জানিয়েছে, বিএনপি আশা করে দেশের উন্নয়নকাজে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। আর চীন আশা করে অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড ও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে চীনের ভূমিকাকে বাংলাদেশ সমর্থন করবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এই বৈঠক হয়। বিকেল সাড়ে পাঁচটায় খালেদা জিয়া হোটেল লা মেরিডিয়ানে গিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতার মধ্যে প্রায় আধা ঘণ্টা বৈঠক হয়। এই সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য পরে প্রথম আলোকে বলেন, আলোচনার একপর্যায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চীনের প্রেসিডেন্টের সামনে বাংলাদেশের ‘গণতন্ত্রহীন’ পরিস্থিতির কথা তোলেন। চীনা প্রেসিডেন্ট এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, তাঁরা শান্তিপূর্ণ বাংলাদেশ এবং শান্তিপূর্ণ বিশ্ব দেখতে চান। এ ছাড়া আলোচনায় চীনা প্রতিনিধিদল এ অঞ্চলের উন্নয়নে চীনের নেওয়া ‘এক অঞ্চল, এক পথ’ কৌশল এবং ‘পুরোনো সিল্ক রুট’-এর বাস্তবায়ন কেন দরকার, সে বিষয়ে বিএনপির নেতাদের ব্যাখ্যা করেন।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় স্থাপিত হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে অভূতপূর্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে। চীন সব সময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। খালেদা জিয়া আশা করেন, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম, বিশেষ করে উন্নয়নকাজে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং পাশে থাকবে।
মির্জা ফখরুল বলেন, চীন আশা করে বাংলাদেশ সব সময় চীনের উন্নয়ন কর্মকাণ্ড একই সঙ্গে ভূ-রাজনৈতিক ক্ষেত্রে চীন যে ভূমিকা পালন করছে, বিশেষ করে উন্নয়ন ক্ষেত্রে, বাংলাদেশ তাকে সমর্থন করবে।
এর আগে গতকাল দুপুরে খালেদা জিয়া এক বিবৃতিতে সি চিন পিংয়ের ঢাকা সফরকে স্বাগত জানান। তিনি বলেন, সি চিন পিংয়ের এই সফর নিঃসন্দেহে চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর করবে।