দেশের নাগরিকেরা কতটুকু স্বাধীন, তা ভাবার সময় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট বলেছে, যে দেশে মানুষের ভোট দেওয়ার অধিকার নেই, স্বাধীনভাবে মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতা নেই, সেই দেশের নাগরিকেরা কতটুকু স্বাধীন, তা ভাবার সময় এসেছে।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে ২০-দলীয় জোট দেশের মানুষের স্বাধীনতা নিয়ে এই সংশয় প্রকাশ করে। বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা জোটের পক্ষে গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।
বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, স্বাধীনতার মাসে মানুষের মনে প্রশ্ন, স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানমালায় প্রকৃত মুক্তিযোদ্ধারা অনুপস্থিত কেন? কেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের হাজার হাজার সন্তান আজ মিথ্যা মামলায় কারান্তরীণ বা গুপ্তঘাতকের ভয়ে প্রাণ বাঁচাতে আত্মগোপনে? এতে আরও বলা হয়, যে দেশে বিচারের মানদণ্ড নির্ধারিত হয় স্বৈরশাসকদের ইশারায়, নিরীহ জনগণকে গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়, জনগণের সম্পদ লুটেরাদের দখলে, সেই দেশে স্বাধীনতার মাসে সাত বীরশ্রেষ্ঠসহ লাখো শহীদের আত্মা নীরবে কাঁদে।
বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতার চার দশক পর গোটা জাতি একটি কর্তৃত্ববাদী, দুর্নীতিবাজ, লুটেরা ও খুনি সরকারের অত্যাচার-নিপীড়ন এবং জুলুম-নির্যাতনের জাঁতাকলে নিষ্পেষিত অবস্থায় পালন করল মহান স্বাধীনতা দিবস। দেশের মানুষের প্রাণ স্বৈরতন্ত্রের পদতলে ওষ্ঠাগত। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে স্বাধীনতার মাসে অপহরণ করা প্রকৃত অর্থে স্বাধীনতাকেই অপহরণ করার শামিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দুধর্মাবলম্বীদের পুণ্যস্নানে পদদলিত হয়ে নারী, শিশুসহ ১০ জনের প্রাণহানি এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানানো হয়।