দেশের পরিস্থিতি স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ
দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় রাজনীতিতে পারস্পরিক দোষারোপ, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত—সাম্প্রতিক এসব পরিস্থিতি নিয়ে প্রথম আলোর মুখোমুখি হয়েছেন দুই জ্যেষ্ঠ রাজনীতিক তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী, আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য

প্রথম আলো: নিরাপত্তার প্রশ্নে বিদেশিরা সাধারণত ১৫ দিনের মেয়াদে সতর্কতা জারি করে, সেটা এখন কী পর্যায়ে?
তোফায়েল আহমেদ: দুই বিদেশির হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক। দায়ীদের চিহ্নিত করে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়েও কোনো সন্দেহ নেই। আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি সুরাহার প্রায় কাছাকাছি এসে গেছে।
প্রথম আলো: কিন্তু বিদেশিরা তো শঙ্কিত।
তোফায়েল আহমেদ: আমি রপ্তানিকারকদের জিজ্ঞেস করেছিলাম, তাঁরা বলেছেন, বিদেশি ক্রেতারা কেউ ফেরত যাননি। এসব ঘটনা ঘটানোর মূল লক্ষ্য বিদেশিদের দৃষ্টি আকর্ষণ। কারণ, দেশে-বিদেশে বর্তমান সরকার প্রশংসিত। আমেরিকাতে এবারও আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ঘটেছে ১৬ শতাংশ। এটা ঘটানো হয়েছে এমন এক প্রেক্ষাপটে, যখন বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটো গুরুত্বপূর্ণ পুরস্কারও পেয়েছেন।
প্রথম আলো: নিরাপত্তা চাদরবেষ্টিত কূটনৈতিক এলাকায় যদি হত্যাকাণ্ড চালানো সম্ভব হয়...
তোফায়েল আহমেদ: এ ধরনের হত্যাকাণ্ড বিদেশেও হয়। এই তো সেদিন অস্ট্রেলিয়ার সিডনির পুলিশ সদর দপ্তরের কাছে দুজন নিহত হলেন। যুক্তরাষ্ট্রে স্কুলে ঢুকে অস্ত্রধারীরা ১০ জনকে হত্যা করেছে। তুরস্কে বোমা বিস্ফোরণে ৯৫ জন নিহত হলেন। মনে রাখা দরকার, সহিংসতার ঘটনায় অতি প্রতিক্রিয়া প্রদর্শনে নেপথ্যের কুশীলবেরা উৎসাহিত হয়। তারা ভাবে, এত কিছুর পরেও বিদেশিদের নজর কাড়তে পারিনি, তাহলে এ রকম দু-চারটি ঘটনা ঘটাই। দেশের গণমাধ্যম এ দিকটি নিশ্চয়ই বিবেচনায় রাখবে।
প্রথম আলো: একটু ভিন্নতা আছে। এ দেশে সন্দেহভাজন মৌলবাদীরা উদীচী, রমনার বটমূল, একুশে আগস্টের গ্রেনেড হামলা, ৬৪ জেলায় একযোগে বোমা হামলা করেছে, যা ওই সব দেশে নেই।
তোফায়েল আহমেদ: এসব তো বিএনপি ক্ষমতায় থাকতে ঘটেছিল। মৌলবাদীদের উত্থান ঘটেছিল। বাংলা ভাই গাছে লটকিয়ে মানুষ মারত। আমাদের দেশে আগে তো এ রকম ছিল না। আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে বিতর্কিত করতেও ব্যাংক ও থানা লুটের মতো ঘটনা ঘটেছিল। আমাদের আইন প্রয়োগকারী বাহিনী এখন অনেক দক্ষ, প্রযুক্তির কারণে কে কাকে ফোন করেছে তাও শনাক্ত করছে।
প্রথম আলো: কিন্তু তারা আইএস সন্দেহে যে ১৫ জনকে ধরেছিল তাদের এখনো বিচার হয়নি বা সত্যাসত্য যাচাই হয়নি।
তোফায়েল আহমেদ: আইএস বিশ্বের কোথাও ব্যক্তিগতভাবে এ রকম গুপ্তহত্যা করেছে বলে শোনা যায়নি।
প্রথম আলো: বিশেষজ্ঞরা বলছেন, দেশে দেশে তারা কৌশল পাল্টাতে পারে।
তোফায়েল আহমেদ: দেখুন, এখানে জঙ্গিবাদীদের স্থান হবে না। এতে আমার কোনো সন্দেহ নেই। বরং সম্প্রতি ব্রিটেনভিত্তিক ব্যাংকিং জায়ান্ট এইচএসবিসি রিপোর্ট দিয়েছে যে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের রপ্তানি উজ্জ্বল।
প্রথম আলো: খবর বেরিয়েছে, নিরাপত্তাগত শঙ্কায় কয়েকটি প্রকল্পে কিছু বিদেশি কর্মী কাজে যোগ দিচ্ছেন না?
তোফায়েল আহমেদ: বাংলাদেশে দুই লাখের বেশি বিদেশি আছেন। এই তো তিন জাপানি বিশেষজ্ঞ ভোলা ঘুরে এলেন। আমার সঙ্গেও সেখানে তাঁরা দেখা করেছিলেন। অনেক শিল্পকারখানা আছে, যেখানে জার্মানিসহ বিভিন্ন দেশের কর্মী ও বিশেষজ্ঞরা কাজ করছেন। অনেকেই বলছেন, তাঁরা নিরাপদ। রুশ রাষ্ট্রদূত বলেছেন, নিরাপত্তা নিয়ে তাঁদের দুশ্চিন্তা নেই। মালয়েশিয়ার হাইকমিশনার বলছেন, ‘আমি বেশ আছি।’ চলতি মাসেই বাংলাদেশে ছয় হাজার বিদেশি পর্যটক এসেছেন। এর বাইরে হয়তো কারও কারও মধ্যে বিভ্রান্তি কাজ করে থাকতে পারে।
প্রথম আলো: এ ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ করায় কি সন্দেহ তৈরি হয় না যে, ইস্যুটাকে আপনারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন?
তোফায়েল আহমেদ: এটা একটা ধারণা থেকে বলা। এবং তার কারণও আছে। বিএনপির কোনো কোনো নেতা অগ্রিম কিছু কথা বলেছেন এবং পরবর্তীকালে কিছু ঘটনা ঘটেছে, যে কারণে প্রধানমন্ত্রীও তা উল্লেখ করেছেন। এর আগে তো তারা এ রকম নাশকতা করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। সুতরাং অনেকের মতে, বিগত দিনের নাশকতার ঘটনাগুলো যারা ঘটিয়েছে, তারাই ওই দুই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। আমি অবশ্য গুরুত্ব দিই প্রকৃত অপরাধীদের বের করা ও তাদের গ্রেপ্তার করার ওপর। এবং সেটা হবে। এতে কোনো সন্দেহ নেই। এর সঙ্গে যারা সরাসরি জড়িত, তারা ধরা পড়লেই তো প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
প্রথম আলো: অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম কি আসতে পারত?
তোফায়েল আহমেদ: চাইলেই আসতে পারত। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার টিম এসে খেলে গেল, কোনো সমস্যা হলো না।
প্রথম আলো: কিন্তু বিদেশি হত্যার ঘটনা তো ঘটলই?
তোফায়েল আহমেদ: এটা উদ্দেশ্যমূলক পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। ২০১৩ সালে দেশে নাশকতা ও জঙ্গি তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হয়েছিল। প্রধানমন্ত্রী মনে-প্রাণে সবাইকে নিয়ে নির্বাচনে যেতে চেয়েছিলেন, কিন্তু বিএনপি আসেনি। তাদের নির্বাচনে আনতেই বেগম খালেদা জিয়াকে চায়ের আমন্ত্রণ এবং স্বরাষ্ট্রসহ পাঁচটি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দিতে প্রস্তাব করেছিলেন। তারা তা ফিরিয়ে দিয়ে সহিংসতা ও নাশকতার পথ বেছে নিল। আবার এ বছরের শুরু থেকে টানা ৯২ দিন হত্যা, নাশকতা, জঙ্গি তৎপরতা করে অনেক মায়ের কোল খালি করেছে। তিনি অঙ্গীকার করেছিলেন শেখ হাসিনার পতন না ঘটিয়ে ফিরবেন না। তিনি আদালতে আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন। ওই সময়ে এত কিছু ঘটিয়েও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারেনি। রপ্তানি বেড়েছে। প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপরে রয়েছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, এর রহস্য তাড়াতাড়ি উদ্ঘাটিত হবে।
প্রথম আলো: দলীয় ভিত্তিতে স্থানীয় সরকারের নির্বাচন করে সরকারি দলের কী লাভ হবে?
তোফায়েল আহমেদ: এটা লাভ-লোকসানের ব্যাপার নয়। এত দিন অঘোষিতভাবে দলীয় নির্বাচন হতো। এখন ঘোষিতভাবে দলীয় নির্বাচন হবে। ভারত, যুক্তরাজ্য সবখানেই স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হয়। তাতে আমরা আরও ভালোভাবে গণতন্ত্র অনুশীলন করতে পারব।
প্রথম আলো: তবে বহু লোক দলের সমর্থক হয়েও একটা দূরত্ব বজায় রাখতেন, যা সমাজে ভারসাম্য বজায় রাখত। তা ছাড়া এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত যাচাই হলো না। এটা কতটা গণতান্ত্রিক?
তোফায়েল আহমেদ: আমরা মন্ত্রিসভায় পাস করেছি। এখন সংসদে যাবে, সেখানে আলোচনা হবে। অবশ্য আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনটা অধ্যাদেশ দিয়ে হবে। এতকাল আপনারাই তো স্থানীয় নির্বাচনের সময় দলীয় ভিত্তিতেই খবর ছেপেছেন।
প্রথম আলো: অনেকে বলছেন, আসলে দেশ একদলীয় শাসনের দিকে যাচ্ছে। এটাও সেই চিন্তা থেকেই?
তোফায়েল আহমেদ: এই নির্বাচন আইয়ুব খানের আমলের আগে দলীয়ভাবেই হতো। তিনি এসে পাল্টালেন। আমরা আবার পুরোনো রীতি ফিরিয়ে আনছি। আসলে কিছু লোক আছেন, যাঁরা এসব কথা বলবেনই। ২০০১ সালে বিএনপি ইউপি নির্বাচনটাও করতে দেয়নি। ভোলায় ৬৪ ইউপি চেয়ারম্যানের মধ্যে আওয়ামী লীগ জয়ী হয়েছিল মাত্র দুটিতে। একদলীয় চাইলে তো অঘোষিতভাবে নির্বাচন করলেই আমাদের জন্য ভালো হতো। আর বিএনপি নিজেই তো স্থানীয় নির্বাচন করবে।
প্রথম আলো: আপনি নিশ্চিত?
তোফায়েল আহমেদ: অবশ্যই। একবার নির্বাচন না করার ভুলের জন্য তারা এখন মর্মে মর্মে জ্বলছে। যে দলটি পাঁচটি সিটি নির্বাচনে ক্ষমতাসীন দলকে হারিয়ে জিতল, তারাই সরকারের সংলাপ ও মন্ত্রিত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিল। স্থানীয় সরকারের আসন্ন নির্বাচন দলীয়ভাবে হলেও অবাধ ও নিরপেক্ষ হবে।
প্রথম আলো: পরবর্তী জাতীয় সাধারণ নির্বাচন কবে হবে?
তোফায়েল আহমেদ: ২০১৯ সালের ২৯ জানুয়ারির ৯০ দিন আগে যেকোনো দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারের অধীনেই হবে। এর আগে কোনো সম্ভাবনা নেই। আর বিএনপি তাতে কোনো শর্ত ছাড়াই আসবে। ৯২ দিন অবরোধ, যা এখনো তুলে নেওয়া হয়নি, তা দিয়েও এই সরকারকে ইতিহাসের সবচেয়ে ‘ব্যবসাবান্ধব সরকারে’ পরিণত হওয়া তারা ঠেকাতে পারেনি।
প্রথম আলো: বিরোধী দলের ‘হাজার হাজার’ নেতা-কর্মী এখনো কারাগারে বলে অভিযোগ আছে।
তোফায়েল আহমেদ: সেটা কোনোমতেই ২০০১ সালের চেয়ে বেশি নয়। তখন আমার নামেই ৩৯টি মামলা ছিল। বিরোধী নিপীড়নে তারা যা করেছে, তা কোনো সরকার কখনো করেনি। একটি সরকারকে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হয়, তেমনি রাজনৈতিক তৎপরতা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়।
প্রথম আলো: আমেরিকার সঙ্গে জিএসপি জটিলতা ও চীনের সঙ্গে ইপিজেড অগ্রগতি কত দূর?
তোফায়েল আহমেদ: জিএসপি সুবিধার জন্য যে ১৬টি ‘শর্ত’ মার্কিনিরা দিয়েছে, তা আমরা পূরণ করেছি। তারপরও একের পর এক প্রশ্ন তোলা হচ্ছে। আসলে একটি সার্বভৌম দেশ হিসেবে আমাদের এসব শর্ত গ্রহণ করাই উচিত হয়নি। ট্রেড ইউনিয়ন অধিকার যুক্তরাষ্ট্র নিজেই তার বহু শিল্প খাতে দেয়নি। আমাদের দেশে গৃহীত নীতিমালা অনুযায়ী শিল্পকারখানায় ট্রেড ইউনিয়নের অধিকার স্বীকৃত। চট্টগ্রামে চীনের জন্য চীনা বিশেষ ইপিজেড প্রতিষ্ঠিত হচ্ছে। আর মুন্সিগঞ্জের বাওলিয়ায় ৫০০ একর জমিতে গার্মেন্ট শিল্পপার্ক গড়ে তোলা হচ্ছে। সেখানে চীন ২৩০ কোটি ডলার বিনিয়োগ করবে, প্রায় আড়াই লাখ শ্রমিক কাজ পাবে এবং বছরে তিন শ থেকে পাঁচ শ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি হবে। গাজীপুরে জাপানের জন্যও বিশেষ ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
তোফায়েল আহমেদ: ধন্যবাদ।
সাক্ষাৎকার নিয়েছেন আব্দুল কাইয়ুম ও মিজানুর রহমান খান

আরও পড়ুন: