বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বার্ষিক যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা বাস্তবতার কিয়দংশ। দেশের প্রকৃত চিত্র আরও ভয়াবহ বলে দাবি করেছে বিএনপি।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ দাবি করেন। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদনে বিএনপি দুঃখিত। কারণ এতে বাংলাদেশের যে নেতিবাচক চিত্র এসেছে তা জনগণের জন্য অসম্মানজনক।
বিএনপির মুখপাত্র বলেন, দেশে জরুরি অবস্থা নেই। তারপরও গণমাধ্যমকর্মীরা নিজ থেকেই অনেক কিছু ‘সেন্সর’ করেন। গণমাধ্যম যখন ভয়ভীতির মধ্যে কাজ করে, তখন তা প্রকৃত গণমাধ্যম হতে পারে না।
মার্কিন প্রতিবেদনের কথা উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে যে সরকার এখন দেশ শাসন করছে, তা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করে বলে যুক্তরাষ্ট্র মনে করে না। তিনি বলেন, সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তা মনে করেন না। এ কারণে নির্বাচনের পরপর তিনি বলেছিলেন, খুব দ্রুত সময়ে আলোচনার মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর কড়া সমালোচনা করে আসাদুজ্জামান বলেন, ‘আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকারের মন্ত্রীরা যেভাবে কথা বলেন, তাতে দেশের গণতন্ত্র আরও হুমকির সম্মুখীন হবে। গত শুক্রবার একটি খুচরা পার্টির নেতা বলেছেন, খালেদা জিয়ার জায়গা হবে কাশিমপুর কারাগারে। জানি না, তিনি কবে বিচারক হলেন।’