বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘দেশের মানুষ আজ পরিবর্তন চায়, আমরা পরিবর্তন আনব। দেশে সুশাসন প্রতিষ্ঠা করব।’
গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমানের ওপর লেখা অকুতোভয় দেশনায়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সম্পাদনায় বইটি প্রকাশ করা হয়েছে।
খালেদা জিয়া আরও বলেন, এই সরকারের জুলুম-অত্যাচারের হাত থেকে মানুষ মুক্তি চায়। সরকারের দুর্নীতি ও অত্যাচার অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। মানুষ শান্তি চায়, আজ ঘরে ঘরে কান্নার রোল। কে কখন গুম হবে, খুন হবে, তা কেউ জানে না।
অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘বিগত আন্দোলনে বগুড়া অনেক এগিয়ে ছিল। প্রতিটি কর্মসূচি আপনারা সফল করেছেন। আমি চাই, বগুড়ার মতো জায়গায় দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।’