দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে বিএনপি ভাবে না: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ঢাকা, ১ জুন
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা সব সময় চিন্তিত। দেশের মানুষের স্বাস্থ্য, উন্নয়ন–অগ্রগতি নিয়ে তারা কোনো চিন্তা করে বলে মনে হয় না। দেশের উন্নয়ন–অগ্রগতি দেখেও তারা দেখে না এবং বোঝে না। তিনি বলেন, সরকারের সমালোচনা করার আগে বিএনপিকে বিশ্ব গণমাধ্যমে দেশের উন্নয়নচিত্রের দিকে তাকাতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে দেশে সংবাদপত্রজগতের পথিকৃত তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। ‘মহান স্বাধীনতাসংগ্রামে তফাজ্জল হোসেন মানিক মিয়া ও দৈনিক ইত্তেফাকের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি, বাংলাদেশ।’

বাংলাদেশের অগ্রগিত নিয়ে ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদন পড়ার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এরপর সরকারের সমালোচনা করুন। তিনি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ আজকের সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক, অর্থনৈতিক সূচকসহ সব সূচকেই পেছনে ফেলেছে। আজকে অনেক সূচকে বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে গেছে।
তফাজ্জল হোসেন মানিক মিয়াকে স্মরণ করে হাছান মাহমুদ বলেন, মানুষের শোষণ–বঞ্চনা তুলে ধরা এবং জনগণকে প্রতিবাদমুখর করার ক্ষেত্রে ইত্তেফাকের ভূমিকা ছিল অনবদ্য।

জাতির মনন তৈরিতে গণমাধ্যমের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম সমাজকে যেমন সঠিক খাতে প্রবাহিত করতে পারে, তেমনি চেষ্টা করলে ভিন্ন খাতেও প্রবাহিত করতে পারে। বহু সংগ্রামের পথ ধরে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ রচনার পথে সংবাদপত্রজগতের পথিকৃত তফাজ্জল হোসেন মানিক মিয়াসহ নিবেদিতপ্রাণ বহু মানুষের অবদান চিরোজ্জ্বল। তফাজ্জল হোসেন মানিক মিয়া ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থরক্ষার জন্য সংবাদমাধ্যমকে ব্যবহার করেননি, তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

আয়োজক সংগঠনের সভাপতি এস এম জামাল উদ্দিনের সভাপতিত্বে অধুনালুপ্ত সাপ্তাহিক রোববারের সাবেক সম্পাদক ও মানিক মিয়া ফাউন্ডেশনের মহাসচিব সৈয়দ তশাররফ আলী, রাজনীতিক নাসিরুল হক, সাংবাদিক গিয়াস উদ্দিন কুসুম, মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য দেন।