৫ জানুয়ারিতে আবারও পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করল দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। বিশ্লেষকেরা বলছেন, এটি দেশের রাজনীতির জন্য ‘দুর্ভাগ্যজনক’।
একদিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের উদ্দেশ্যে বিএনপি ওই দিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানসহ সারা দেশে সমাবেশের কর্মসূচি দিয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করতে একই দিন সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর ১৮টি স্থান এবং দেশের সব মহানগর ও জেলা-উপজেলায় শোভাযাত্রা ও সভা-সমাবেশের কর্মসূচি দিয়েছে। রাত আটটার দিকে দলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে পরপর দুবছর (২০১৪ ও ২০১৫) দেশে সহিংস পরিবেশের সৃষ্টি হয়। এই দিনটিকে ঘিরে দেশের প্রধান এ দুই দল নিজ নিজ অবস্থানে অনড় থেকে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। একইভাবে এবারও পাল্টাপাল্টি কর্মসূচিতে গেল দল দুটি।
একই দিনে একই স্থানে দুই দলের কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটা দুঃখজনক। আমরা মনে করেছিলাম পৌরসভা নির্বাচনের মধ্যদিয়ে নিয়মতান্ত্রিক রাজনীতির পরিবেশে ফিরছে। সেখানে অবশ্য সরকারি দলের দায়িত্ব বেশি। তবে তারা যদি ওই পরিবেশে না থাকতে চায়, সেটা দুর্ভাগ্যজনক। আশা করি, গত বছরের মতো সংঘাতময় পরিস্থিতি যেন না হয়।’
এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘এটা আমাদের জন্য দুঃসংবাদ। কারণ আমরা সংঘাতও চাই না, সহিংসতাও চাই না। পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে তাঁরা যেন সহিংস পরিবেশ সৃষ্টি না করেন। দুই দলের মধ্যে বিরোধ আছে, সেটা যেন তারা আলাপ-আলোচনার মাধ্যমে শেষ করে।’
এদিকে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা যে কর্মসূচি দিয়েছি, সেটা পালন করার জন্যই দিয়েছি। গণতান্ত্রিক সমাজে সহাবস্থানের মাধ্যমে দুই দলের কর্মসূচি পালিত হতে পারে। তবে মনে হচ্ছে সরকারি দল ইচ্ছে করেই পাল্টা কর্মসূচি দিয়েছে।’
অন্যদিকে এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যে কর্মসূচি গণতন্ত্রবিরোধী, সন্ত্রাসী কর্মকাণ্ডকে উসকে দিতে পারে, সেখানে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমাদের মাঠে থাকতেই হবে। তারা ৫ জানুয়ারিকে যেভাবে গণতন্ত্র হত্যা দিবস বলছে, এটা গণতন্ত্রের জন্য সর্বনাশ। এটা চলতে দেওয়া যায় না।’
আরও পড়ুন:
৫ জানুয়ারিতে আ.লীগেরও কর্মসূচি
৫ জানুয়ারি সমাবেশ করবে বিএনপি