দেশের সুনাম নষ্ট হলে দায় নাগরিকের: স্থানীয় সরকারমন্ত্রী
দেশের মর্যাদা বা সম্মান বৃদ্ধি যেমন প্রতিটি নাগরিককে গৌরবান্বিত করে, তেমনি সুনাম নষ্ট হলে এর দায়ভার সবার ওপর পড়ে বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার (ইআরসি) আয়োজিত এক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তাজুল ইসলাম।
সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা যে যে পেশায় থাকি না কেন, আমাদের বড় পরিচয় আমরা বাঙালি। আমার দেশ যত উন্নত, সমৃদ্ধ ও সম্মানিত হবে, আমি ব্যক্তিগতভাবে সে সম্মানের অংশীদার হব। পক্ষান্তরে আমার দেশ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত ও কলঙ্কিত হয়, দেশের সুনাম নষ্ট হয়, তাহলে এর অংশীদারও আমি হব। আমরা এর দায়ভার এড়াতে পারি না।’
ছেলেমেয়েদের অভিভাবকদের উদ্দেশে তাজুল ইসলাম বলেন, ছেলেমেয়েদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দায়িত্ব শেষ হবে না। তাদের আগামী দিনের মানবসম্পদে পরিণত করতে হবে। এ জন্য খেলাধুলা, শারীরিক কসরতসহ মানসিক ও সৃজনশীল চিন্তাচেতনার বিকাশ ঘটিয়ে সামাজিক অবক্ষয় থেকে তাদের রক্ষা করতে হবে। খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিপ্লবের বিকল্প নেই।
বাংলাদেশ এখন আর ‘ফকির-মিসকিনের’ দেশ নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে লক্ষ্য করে আঙুল তুলে বা চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ নেই। কেউ আঙুল বা চোখ রাঙিয়ে কথা বললে তার জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে। দেশ নিজস্ব ক্ষমতার ওপর নির্ভরশীল। শেখ হাসিনার জন্য বাঙালি বিশ্বে নতুন পরিচয় পেয়েছে।’
আয়োজক সংগঠন ইআরসির নির্বাহী ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি মো. নূরুল হুদা ও সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন।