বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের প্রকাশনায় প্রধানমন্ত্রী
দেশের স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব দেশবাসীর

দেশের স্বাধীনতাকে রক্ষা করা দেশবাসীর দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এ দেশের জনগণের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। এখন এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব দেশবাসীর।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক দ্বিতীয় গ্রন্থ কারাগারের রোজনামচার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলা একাডেমির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
বঙ্গবন্ধু সবকিছু জনগণের জন্য বিলিয়ে দিয়েছেন উল্লেখ করে অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘এ বাড়ি থেকে শুরু করে সবকিছু জনগণের মধ্যে বিলিয়ে দিয়েছি। বাকি শুধু একটাই; দেশটাকে যদি সেভাবে গড়ে দিয়ে যেতে পারি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সব সময় একটি কবিতা আবৃত্তি করতেন, “উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।” আজকে এটাই তাঁর জীবনে বাস্তব হলো, নিঃশেষে প্রাণটা তিনি দিয়ে গেলেন। কিন্তু তাঁকে যারা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, পারল না। তিনি সেই ইতিহাসে আবার ফিরে এসেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকের কথা তিনি (বঙ্গবন্ধু) লিখেছেন। অনেক ভালো ভালো কথা লিখেছেন। কিন্তু এর মধ্যে অনেকেই তো পরে বেইমানি করে চলে গেছে। কিন্তু যার সম্পর্কে তিনি যা লিখেছেন, সে লেখায় আমি কোনো হাত দিইনি। একটি কথাও কাটিনি; ঠিক সেভাবেই আছে।...কারণ সব মানুষের সত্য কথাটা জানা উচিত।’
শেখ হাসিনা বলেন, ‘যখন একটু কাজ করি, যখনই একটু ভালো কাজ হয়, তখন কেবল এটুকুই মনে হয় আব্বা আজ বেঁচে নেই। উনি বেঁচে থাকলে বোধ হয় আরও অনেক মানুষ উন্নত জীবন পেত। যদি একটু ভালো কাজ করি তাঁর আত্মাটা শান্তি পাবে, তিনি নিশ্চয়ই দেখেন।’
প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর লেখা আরও আছে। সেগুলোও ধীরে ধীরে প্রকাশ করা হবে। তা মোটামুটি প্রস্তুত। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের আগেই সেগুলো প্রকাশ করা হবে।
প্রধান লক্ষ্য জীবনমানের উন্নয়ন
প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর দল ও সরকারের মূল লক্ষ্য হচ্ছে, জনগণের জীবনমানের উন্নয়ন করা এবং সে লক্ষ্য অর্জনে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইউরোপীয় পার্লামেন্টের প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাট গ্রুপের একটি প্রতিনিধিদল গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রতিনিধিদলের সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।