দোহারে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহসভাপতি এম এ হালিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে মুকসুদপুর মোড়াবাজার এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এম এ হালিম উপস্থিত সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি বলেন, ‘আমার ইউনিয়নে দেশের বিশিষ্ট ব্যক্তি সালমান এফ রহমান, ব্যারিস্টার নাজমুল হুদাসহ এলাকাবাসীর অনুরোধে ও তাঁদের সম্মানে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এলাকার উন্নয়নের স্বার্থে এবং নির্বাচনে বিশৃঙ্খলা এবং সহিংসতা যাতে না ঘটে, তাই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি আজ সকাল থেকে নির্বাচনী কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছি।’
এ ইউনিয়নে এম এ হালিমের একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ হান্নান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিমউদ্দিন বলেন, প্রতীক বরাদ্দের পর কোনো প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ থাকে না।
গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে এম এ হালিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা স্বীকার করেন।