দেশের বিভিন্ন স্থানের অন্যান্য ইউনিয়ন পরিষদের সঙ্গে কাল মঙ্গলবার ঢাকার দোহার উপজেলার পাঁচ ইউনিয়নেও ভোট অনুষ্ঠিত হবে। অনেকের আশঙ্কা, কাল নদীপথে চরাঞ্চল ও নবাবগঞ্জ উপজেলা থেকে বহিরাগত ব্যক্তিরা এলাকায় ঢুকে প্রভাব বিস্তার করতে পারে।
পাঁচটি ইউনিয়ন হলো নয়াবাড়ি, কুসুমহাটি, নারিশা, বিলাশপুর ও মুকসুদপুর। পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ১৯ জন প্রার্থী। আর সাধারণ সদস্য পদে ১৪৭ জন ও সংরক্ষিত মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন।
এই পাঁচ ইউনিয়নে মোট ভোটার ৮৮ হাজার ৮২৪ জন। এর মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৩২৮ ও পুরুষ ভোটার ৪৩ হাজার ৪৯৬ জন। মোট ভোটকেন্দ্র ৫৩টি।
সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধে হুমকি-ধমকি ও প্রভাব বিস্তারের অভিযোগ এনেছেন বিএনপি, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। তাঁরা সুষ্ঠু ভোট নিয়ে আতঙ্কে রয়েছেন।
নয়াবাড়ি ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থী নাম প্রকাশ না করে বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নবাবগঞ্জ ও ফরিদপুরের চরভদ্রাসন থেকে বহিরাগত ব্যক্তিদের এনে মহড়া দেওয়ার চেষ্টা চলছে। এ জন্য তিনি দোহারের প্রবেশদ্বার এলাকায় বাড়তি নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
কুসুমহাটি ইউনিয়নে বিএনপি-মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের অভিযোগ, তাঁর এলাকায় নৌকার প্রার্থীর লোকজন রাতে ধানের শীষের সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। রাত হলেই পাশের নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ, মৌলবীডাঙ্গী ও রাইপাড়ার ইকরাশি থেকে বহিরাগত ব্যক্তিরা এসে সন্দেহজনক ঘোরাফেরা করছে। এতে সাধারণ ভোটার ও অন্য প্রার্থীর সমর্থকেরা আতঙ্কিত।
নারিশা ইউনিয়নের আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী ও ঢাকা জেলার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাহউদ্দিন দরানি বলেন, বহিরাগত ব্যক্তিদের এনে নির্বাচনের দিন জোর করে ভোট নেওয়ারও পাঁয়তারা চলছে।
বিলাসপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আলাউদ্দিন মোল্লা। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় নয়টি ভোটকেন্দ্র রয়েছে। সব কটিই ঝুঁকিপূর্ণ। তাঁর আশঙ্কা, আওয়ামী লীগের প্রার্থী হুকুম আলী চোকদারের লোকজন ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টি করতে পারে। তিনি নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জানতে চাইলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা ও অনিয়ম করলে প্রশাসন তাকে আদর করবে না। সীমান্ত এলাকা বিশেষ করে কুসুমহাটির ইমামনগর, নয়ানগর, ইকরাশি এবং নয়াবাড়ির রাজাপুর, অরঙ্গাবাদ ও বিলাসপুরের কেউ যাতে পদ্মা নদী পাড়ি দিয়ে এখানে এসে নাশকতা চালাতে না পারে, সে জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ৬০০ পুলিশ, ১ প্লাটুন বিজিবি ও ৯০০ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নিয়মিত টহলে থাকবেন র্যা ব সদস্যরা।