দৌলতপুরে দলীয় ১২ প্রার্থীর বিরুদ্ধে আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেশির ভাগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউপিতে চেয়ারম্যান পদে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১২টিতে আওয়ামী লীগের ৩৩ জন ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
গতকাল সোমবার সকালে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কুষ্টিয়ায় বাড়ি—আওয়ামী লীগের এমন একজন প্রভাবশালী নেতা স্থানীয় দালালের মাধ্যমে লাখ লাখ টাকার বিনিময়ে নেত্রীকে ভুল বুঝিয়ে দলীয় মনোনয়ন দিয়েছেন। এ কারণে তৃণমূল নেতারা ক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নেত্রীকে জানানো হয়েছে।’
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ রয়েছে। এর একটির নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আফাজ উদ্দিন আহমেদ, অন্যটিতে সহসভাপতি ও স্বতন্ত্র সাংসদ রেজাউল হক চৌধুরী। ১২টি ইউপিতে বর্তমান সাংসদের মনোনীত ১২ জন প্রার্থীকে এবং আফাজ উদ্দিনের দুজন অনুসারীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতার অভিযোগ, দলীয় প্রার্থীদের পরাজিত করতে বিদ্রোহী প্রার্থীদের মাঠে নামানো হয়েছে। তাঁরা বেশির ভাগই আফাজ উদ্দিনের সমর্থক। এতে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা চরম হতাশ ও ক্ষুব্ধ।
দলীয় মনোনয়ন পাওয়া চিলমারী ইউপির চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমেদ বলেন, শেখ হাসিনা তাঁকে মনোনীত করে নৌকা প্রতীক হাতে তুলে দিয়েছেন। অথচ শেখ হাসিনার নির্দেশ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে আফাজ উদ্দিন তাঁর প্রতিপক্ষ হিসেবে শেলি দেওয়ানকে দাঁড় করিয়েছেন।
রিফায়েতপুর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী জামিরুল ইসলাম বলেন, আফাজ উদ্দিন নৌকার বিজয় ঠেকাতে আবদুর রশীদ নামের একজনকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন।