দেড় মাস পর বিএনপি কার্যালয়ের তালা খুলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কমিটি বাতিলের দাবিতে রাজশাহীর মহানগর বিএনপির কার্যালয়ের ঝুলানো তালা ১ মাস ২০ দিন পর গতকাল শনিবার খুলে দিয়েছে বিএনপি রক্ষা কমিটি। কার্যালয়ে বৈঠক করে তারা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঠিক রেখে সংশোধিত একটি কমিটির প্রস্তাব দিয়েছে। তবে এ প্রস্তাবের সঙ্গে সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল একমত পোষণ করেননি বলে জানিয়েছেন।

গত ২৭ ডিসেম্বর রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি থেকে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুকে বাদ দেওয়া হয়। তার স্থলে সভাপতি করা হয় কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেনকে। এই কমিটি বাতিলের দাবিতে পরের দিন রাতে রাজশাহী মহানগরের পদবঞ্চিত নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাঁরা বিএনপির সব ধরনের কর্মসূচি বয়কট করার ঘোষণা দেন। গত ১ জানুয়ারি রাজশাহী মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল হুদকে আহ্বায়ক ও বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমানকে সদস্যসচিব করে বিএনপি রক্ষা কমিটি গঠন করা হয়।

বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক নজরুল হুদা বলেন, রাজশাহী মহানগর বিএনপির চলমান সংকট নিরসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক সভাপতি মিজানুর রহমান, নতুন কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল হককে ঢাকায় ডেকে কমিটি সংশোধন করতে বলেছেন। এরপর মিজানুর রহমান তাঁদের কার্যালয়ের তালা খুলে দেওয়ার অনুরোধ করেন। তার পরিপ্রেক্ষিতে তাঁরা তালা খুলে দিয়েছেন। তাঁরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঠিক রেখে কমিটির ১৯টি পদে তাঁদের প্রস্তাবিত নাম দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, তাঁদের দাবি মানা না হলে এবার তাঁরা থানায় থানায় আন্দোলন শুরু করবেন। নেতাদের থানায় কোনো সাংগঠনিক কাজ করতে দেবেন না।

মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হকের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান। সভায় রাজশাহী মহানগর বিএনপির চার সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।