আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের প্রায় দেড় হাজার জনপ্রতিনিধিকে মধ্যহ্নভোজের মাধ্যমে স্থগিত হওয়া বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি মোটেলে তিনি ‘বগুড়ার উন্নয়ন ভাবনা-জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক মতবিনিময় শেষে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চান।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী মকবুল হোসেন উপস্থিত ছিলেন। স্থগিত ঘোষিত জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ২৫ এপ্রিল।
জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, ২৫ এপ্রিল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট হবে। ভোটের আগে আপ্যায়ন বা উপহারসামগ্রী বিতরণ করে ভোটারদের প্রভাবিত করা হলে বিধি অনুযায়ী তা আচরণবিধির লঙ্ঘন হবে।
সভায় মমতাজ উদ্দিন বলেন, ‘উন্নয়ন ও অগ্রযাত্রায় বগুড়াকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মকবুলকে বিজয়ী করতে হবে। তাই নির্বাচনে মকবুলকে বিজয়ী করার বিকল্প নেই।’
মতবিনিময়ে উপস্থিত ছিলেন এমন ১০ জন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, শহরতলির মাটিডালী এলাকায় ক্যাসেল সোয়াদ নামে একটি মোটেলের সম্মেলনকক্ষে মমতাজের পক্ষ থেকে ওই সভা আহ্বান করা হয়। এতে মমতাজ নিজেই সভাপতিত্ব করেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সঞ্চালনা করেন।
সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান ও টি জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক আছাদুর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার, শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাফুজুল ইসলাম, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান, শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান, সারিয়াকান্দি পৌরসভার মেয়র আলমগীর শাহী, সোনাতলার পৌর মেয়র জাহাঙ্গীর আলম, ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ প্রমুখ বক্তব্য দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জনপ্রতিনিধি বলেন, আওয়ামী লীগ সভাপতির ডাকা মতবিনিময় সভায় আওয়ামী লীগ ছাড়াও বিএনপি-জামায়াতের নির্বাচিত জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে মঞ্চে বসেছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির একাধিক নাশকতার মামলার আসামি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন।
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাশরাফি হিরো মতবিনিময় সভায় ভোট চাওয়া ও দুপুরের খাবার বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।