রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাউজক) গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বাড়িঘর উচ্ছেদে অভিযান চালায়। এ সময় দেয়াল চাপা পড়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী উচ্ছেদকারীদের ওপর হামলা চালায়। এ সময় সহকারী প্রকৌশলীসহ অন্তত নয়জন আহত হন।
পূর্বাচলের ৮ নম্বর সেক্টরের সুলপিনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেতার নাম কামরুল ইসলাম (৩৫)। বাড়ি রূপগঞ্জ উপজেলার সুলপিনা গ্রামে। তিনি রূপগঞ্জ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসীম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সকাল থেকে নির্বাহী হাকিম নাছির উদ্দিন আহমেদের নেতৃত্বে রাজউকের একটি দল পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টরে ঘরবাড়ি উচ্ছেদে অভিযান চালায়। বেলা পৌনে তিনটার দিকে বুলডোজার দিয়ে একটি মাটির বসতঘর ভাঙা হয়। এ সময় কামরুল ওই ঘরের কাছে দাঁড়ানো ছিলেন। ঘরটির দেয়াল তাঁর ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কামরুলের মৃত্যু হয়।
দেয়ালচাপায় কামরুলের মৃত্যুর এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাজউক কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে। এ সময় সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির ও বুলডোজারচালক ইসমাইল হোসেনসহ কমপক্ষে নয়জন আহত হন। পরে তাঁদের ঢাকা নিয়ে যাওয়া হয়।
রাত আটটার দিকে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।