দেয়ালে পিঠ ঠেকে গেছে: আব্বাস
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামে মামলা এবং ১৪৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন আওয়ামী লীগের মতো ‘ফ্যাসিস্ট’ দলের জন্য স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু স্বাভাবিক রাজনীতির জন্য অস্বাভাবিক প্রক্রিয়া। এর মোকাবিলার জন্য আন্দোলন ছাড়া উপায় নেই।
আওয়ামী লীগের নেতা শামীম ওসমান বলেছেন, বিএনপির আন্দোলনের জন্য তিনি একাই যথেষ্ট—এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘এখানে শামীম ওসমানের লেভেলের কোনো নেতা নেই। থাকলে তাঁকে বলতাম এর জবাব দিতে।’ তিনি জানান, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে আজ বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে মিছিল-সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
গত সোমবার এই কর্মসূচি ঘোষণার সময় বলা হয়েছিল, রাজধানীর ১৫টি স্থানে মিছিল-সমাবেশ হবে। এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, তাৎক্ষণিকভাবে ওই সিদ্ধান্ত জানানো হয়েছিল। একটি স্থানে কর্মসূচি পালনের সিদ্ধান্ত আজ চূড়ান্ত হয়েছে। ১৫টি স্থানে মিছিল-সমাবেশ করলে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হতে পারে, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে ৩০ আগস্ট জাতীয় প্রেসক্লাবকে মাঝে রেখে মানববন্ধন করবে জোট।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা আব্দুস সালাম, সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।