দোকান দখল করে আ.লীগের কার্যালয়

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা ওই দোকানিকে সেখান থেকে জোর করে সরিয়ে দিয়ে নিজ দল ও সহযোগী সংগঠনের কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন।
ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম শংকর ঘোষ। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম শংকর মিষ্টান্ন ভান্ডার। দোকানঘর বুঝে পাওয়ার জন্য তিনি জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন।
শংকর ঘোষ বলেন, ১৯৯৭ সালে তিনি বানিবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) কাছ থেকে দোকানটি ভাড়া নেন। মাসিক দুই শ টাকা হিসেবে একটি চুক্তিপত্র সই করেন। ২০০০ সালে মকবুল হোসেন মোল্লা নামে স্থানীয় এক ব্যক্তি ওই দোকানঘরসহ বাজারের ৫৬ শতাংশ জমি নিজের দাবি করে আদালতে মামলা করেন। এতে জেলা প্রশাসকসহ মোট ২৮ জনকে বিবাদী করা হয়। তাঁকে মামলার ১৯ নম্বর বিবাদী করা হয়। মামলাটি এখনো চলমান রয়েছে। একই জমির দাবিতে জেলা প্রশাসক বাদী হয়ে ইউপিকে বিবাদী করে আদালতে মামলা করেন। ২০১৩ সালে অকৃষি খাসজমি (পেরিফেরি) হিসেবে জেলা প্রশাসকের পক্ষে রায় দেওয়া হয়। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে একসনা ইজারার জন্য তিনি (শংকর ঘোষ) আবেদন করেন। ২০১৬ সালের ১৫ নভেম্বর ইজারা দেওয়া হয়। এরপর এককালীন ২১ বছরের ইজারার টাকা পরিশোধ করেন। চলতি বছর ২৭ এপ্রিল পুনরায় একসনা বন্দোবস্ত নবায়ন করা হয়।
শংকর ঘোষ অভিযোগ করেন, এপ্রিলের শুরুতে স্থানীয় ক্ষমতাসীন দলের লোকেরা তাঁকে দোকান থেকে বের করে দেন। দোকানের মালামাল পাশের স্বাস্থ্য বিভাগের একটি পরিত্যক্ত কক্ষে তুলে দেন। এখন সদর উপজেলার স্বাস্থ্য বিভাগ কক্ষটি ছেড়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে। দোকানঘর ছেড়ে দিলে তাঁর আয়ের পথ বন্ধ হয়ে যাবে। মানবেতর জীবন যাপন করতে হবে।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের বানিবহ বড় বাজারের পাকা চত্বরের পশ্চিম পাশে ওই ঘরের অবস্থান। টিনের চারচালা ঘর, ইটের দেয়াল। ঘরের সামনে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, বানিবহ ইউনিয়ন শাখা ও সব সহযোগী সংগঠনের কার্যালয়’ লেখা সাইনবোর্ড। ঘরের পেছনে উত্তর দিকে আট-দশ বস্তা পেঁয়াজ রাখা। মেঝেতে পেঁয়াজ ছড়ানো। কয়েকজন বস্তায় পেঁয়াজ ভরছেন।
বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ মিয়া বলেন, ‘ওই ঘর ইউনিয়ন পরিষদের টাকা দিয়ে তৈরি করা হয়েছে। তবে জমি নিয়ে ডিসি অফিসের সঙ্গে ঝামেলা আছে। সেটি আগেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। এখন আবার পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র আমাদের কাছে আছে।’
তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী তোফাজ্জেল হোসেন বলেন, ‘আমি অনেক বছর ধরে শংকর ঘোষকে ওই স্থানে ব্যবসা করতে দেখেছি। সম্প্রতি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন এ কাজ করা হয়েছে, তা আমি জানি না।’
ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বলেন, ওই ব্যবসায়ী পরিষদকে ভাড়া পরিশোধ করেন না। এ কারণে নোটিশ দেওয়ার পর তাঁকে উচ্ছেদ করা হয়েছে। এখন সেটি পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়। দোকানটি পেঁয়াজ ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অফিসে কী করা হয়, আমি তা জানি না।’
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ‘সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে আলাপ করে বিষয়টি আপনাকে জানাব।’