দোটানায় আওয়ামী লীগের সমর্থকেরা, নির্ভার বিএনপি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে থাকার বিষয়ে এককাট্টা। তাঁরা বলছেন, কাউন্সিলর পদ উন্মুক্ত করে দেওয়া হবে, তাই তাঁরা মাঠে আছেন। অন্যদিকে এই তিন ওয়ার্ডে বিএনপি–সমর্থিত প্রার্থীরা কিছুটা নির্ভার। এসব ওয়ার্ডে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একাধিক প্রার্থী থাকলেও তাঁরা দলীয় পরিচয়ে নির্বাচন করতে আগ্রহী নন। স্বতন্ত্র হিসেবে নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন।
ভোটাররা বলছেন, এই তিনটি ওয়ার্ডে বেশির ভাগ মানুষ উচ্চশিক্ষিত। সুষ্ঠু ভোট দেওয়ার পরিবেশ থাকলে পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীকেই তাঁরা নির্বাচিত করবেন।
১০ নম্বর ওয়ার্ড
মতিঝিল কলোনি, এইচ টাইপ কোয়ার্টার, পোস্টাল কলোনি, টিঅ্যান্ডটি কলোনি, বাংলাদেশ ব্যাংক কলোনি নিয়ে এই ওয়ার্ড । জনসংখ্যা আনুমানিক ৩৫ হাজার। ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৬৪৪ জন। আর নারী ভোটার ৭ হাজার ৭৪৪ জন।
এই ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র বৈধ হয়েছে পাঁচ প্রার্থীর। এঁদের মধ্যে ক্ষমতাসীন দল ও বিএনপির আছেন দুজন করে। আর জাতীয় পার্টি থেকে আছেন একজন। সবাই নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।
ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মারুফ আহমেদ ওরফে মনসুরকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সদস্য। মারুফ আহমেদ প্রথম আলোকে বলেন, আনুষ্ঠানিক প্রচারে বিধিনিষেধ থাকায় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ইতিবাচক সাড়াও পাচ্ছেন তিনি। নির্বাচিত হলে এলাকার বায়ুদূষণ রোধে কাজ করবেন। পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবেন।
এই ওয়ার্ডে মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উত্তম কুমার গুপ্তও নির্বাচনের মাঠে আছেন। তিনি বলেছেন, দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
এদিকে সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশীদকে দলীয় সমর্থন দিয়েছে বিএনপি। দলের সমর্থন পেয়ে ঘরোয়াভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিধি ভেঙে প্রচার চালাচ্ছেন। কিন্তু বিরোধী দলের প্রার্থী হওয়ায় প্রচারে নামার জন্য তাঁদের অপেক্ষা করতে হচ্ছে।
এই ওয়ার্ডে মতিঝিল থানা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচনের মাঠে আছেন। তিনি বলেন, এলাকার নেতা-কর্মী ও সাধারণ জনগণ তাঁকে নির্বাচনের মাঠে চাইছেন। তিনি তাঁদের নিরাশ করতে পারবেন না। ব্যক্তি পরিচয়ে তিনি নির্বাচনের মাঠে থাকবেন।
ওই ওয়ার্ডে জাতীয় প্রার্থীর জুবের আলম খানও নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন।
১১ নম্বর ওয়ার্ড
১১ নম্বর ওয়ার্ডটি শাহজাহানপুর, রেলওয়ে কলোনি, দক্ষিণ খিলগাঁও, খিলগাঁও বাগিচা, শহীদবাগ, মোমেনবাগ, আউটার সার্কুলার রোড নিয়ে গঠিত। জনসংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার। ভোটার সংখ্যা ৪০ হাজার ৩৭৫। এদের মধ্যে পুরুষ ২০ হাজার ৪৮৩ ও নারী ভোটারের সংখ্যা ১৯ হাজার ৮৯২ জন।
এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হামিদুল হক ওরফে শামীমকে এবারও দলীয় সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কাউন্সিলর পদে ক্ষমতাসীন দলের আরও দুজন প্রার্থী আছেন। তাঁরা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক নূরের নবী ভূঁইয়া ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
হামিদুল হক বলেন, দলীয় সমর্থন থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য অন্য দুজন চেষ্টা করছেন। তিনি গত সাড়ে চার বছর নিঃস্বার্থভাবে জনগণের সেবা করেছেন। সেই মূল্যায়ন পেয়েছেন।

অন্যদিকে কামরুজ্জামানের দাবি, ২০১৫ সালের নির্বাচনে তিনি দলীয় সমর্থন পেয়েছিলেন। কিন্তু বর্তমান কাউন্সিলর হামিদুল ও ক্যাসিনো–কাণ্ডে বহিষ্কৃত মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়ার চাপে সেবার তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। এবার তাঁকে দলীয় সমর্থন দেওয়ার জন্য পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমানের কাউন্সিলরের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।
আর নূরের নবী ভূঁইয়া বলেন, বর্তমান কাউন্সিলরের চেয়ে তাঁর জনপ্রিয়তা কয়েক গুণ বেশি। নেত্রী তৃণমূলে খোঁজখবর নিয়ে প্রার্থী পরিবর্তন করে তাঁকে দলীয় সমর্থন দেবেন বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে এই ওয়ার্ডে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনজন প্রার্থী মাঠে আছেন। তাঁদের মধ্যে দলীয় সমর্থন পেয়েছেন শাহজাহানপুর থানা বিএনপির সদস্য মির্জা আসলাম আসিফ। তিনি বলেন, জনগণ ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
বিএনপির বাকি দুজন হলেন নবী হোসেন ও দেলোয়ার হোসেন। তাঁদের মধ্যে ২০১৫ সালের নির্বাচনে দেলোয়ার হোসেন দলের সমর্থন পেয়েছিলেন। তিনি বলেন, এলাকায় তাঁর ভালো অবস্থান ও জনপ্রিয়তা আছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
এ ছাড়া এই ওয়ার্ডে জাতীয় পার্টি থেকে সেলিম আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডি এম সুমনুল ইসলামও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১২ নম্বর ওয়ার্ড
মালিবাগ বাজার রোড (মতিঝিল অংশ), মালিবাগ, বকশীবাগ, গুলবাগ, শান্তিবাগ, ইন্দ্রপুরী এলাকা নিয়ে গঠিত ১২ নম্বর ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। ভোটার ৩৪ হাজার ২১৪ জন। পুরুষ ১৭ হাজার ৭৩৫ এবং নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৭৯ জন।
এই ওয়ার্ডে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ম ম মামুন রশিদ ওরফে শুভ্রকে দলীয় সমর্থন দিয়েছিল আওয়ামী লীগ। মামুন রশিদের নাম ঘোষণার পরদিন প্রার্থী পরিবর্তন করে বর্তমান কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদারকে সমর্থন দিয়েছে দলটি। গোলাম আশরাফ ছাড়াও ক্ষমতাসীন দলের আরও তিন প্রার্থী নির্বাচনের মাঠে আছেন। তাঁরা হলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ সেকান্দার আলী, ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুব হোসেন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল মিয়া।
তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, চার প্রার্থীই নির্বাচনের মাঠে আছেন। তাঁরা কোন প্রার্থীর পক্ষে কাজ করবেন, তা নিয়ে দ্বিধায় পড়েছেন।
গোলাম আশরাফ তালুকদার বলেন, দল থেকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা তাঁকে দেওয়া হয়েছে। তিনি নিজের ও মেয়র প্রার্থীর পক্ষে কাজ করছেন। আরেক প্রার্থী মাহবুব হোসেন বলেন, ‘শুনেছি কাউন্সিলর পদ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তাই মাঠে আছি।’
এই ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক ফজলে রুবাইয়াত দলীয় সমর্থন পেয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টি থেকে দুজন কাউন্সিলর পদে নির্বাচন করবেন। তাঁরা হলেন শেখ সারোয়ার ও শেখ নেয়ামত উল্লাহ।