দ্বন্দ্ব ও নেতাদের অসহযোগিতাকে দায়ী করলেন পরাজিত প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ১০টিতেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন। এ নিয়ে পরাজিত প্রার্থী ও দলের নেতা-কর্মীদের কাছে ভিন্ন ভিন্ন মন্তব্য পাওয়া গেছে। পরাজিত প্রার্থীরা মনে করছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতাদের অসহযোগিতার কারণে তাঁদের পরাজয় হয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ২৩ এপ্রিল তৃতীয় দফায় উপজেলার ১৩ ইউপির সাতটিতে নির্বাচন হয়। ইউনিয়নগুলো হচ্ছে কামারজানি, ঘাঘোয়া, গিদারি, মালিবাড়ি, লক্ষ্মীপুর, খোলাহাটি ও মোল্লারচর। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ঘাঘোয়া ইউনিয়নে আমিনুর জামান ও গিদারি ইউনিয়নে হারুনুর রশীদ নির্বাচিত হন। বাকি পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় হয়। গত শনিবার চতুর্থ দফায় উপজেলার বাকি কুপতলা, সাহাপাড়া, বল্লমঝাড়, রামচন্দ্রপুর, বাদিয়াখালি ও বোয়ালি ইউনিয়নে নির্বাচন হয়। কেবল কুপতলায় আওয়ামী লীগের প্রার্থী আবদুর রাজ্জাক নির্বাচিত হন। অন্য পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয় ঘটে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, খোলাহাটি ইউনিয়নে ছিলেন সাতজন চেয়ারম্যান প্রার্থী। এখানে বিএনপির প্রার্থী শেখ সামাদ আজাদ ৬ হাজার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুম হক্কানী পান ৫ হাজার ৬০১ ভোট। আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ সারওয়ার পান ৫ হাজার ৩৬৭ ভোট।
জানতে চাইলে মাসুম হক্কানী বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের মতামত ছাড়াই দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বেশির ভাগ নেতা-কর্মী আমার পক্ষে কাজ করেন। এ জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও আমাকে বহিষ্কার করা হয়। এসব কারণে দলীয় প্রার্থীর পরাজয় ঘটে।’ মাহমুদ সারওয়ার বলেন, স্থানীয় নেতা-কর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীর কারণে নৌকার পরাজয় হয়েছে।
লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬ হাজার ৭১৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান আলী প্রামাণিক পান ৩ হাজার ৮৪১ ভোট। শাহজাহান আলী বলেন, দলের নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি ও বিভক্ত হওয়া নেতা-কর্মীরা দল থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে কাজ করায় আমার পরাজয় হয়েছে।’
কামারজানি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী লুৎফর রহমান পান ১ হাজার ৮৭৪ ভোট। এখানে জাসদ-সমর্থিত আবদুস ছালাম ৩ হাজার ১৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। লুৎফর রহমান বলেন, বিদ্রোহী প্রার্থীর কারণে ভোট ভাগাভাগি হওয়ায় নৌকার পরাজয় হয়।
এদিকে শনিবার চতুর্থ দফায় নির্বাচনে কেবল কুপতলায় আওয়ামী লীগের প্রার্থী আবদুর রাজ্জাক চেয়ারম্যান নির্বাচিত হন। অন্য পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয় হয়। এ বিষয়ে জানতে চাইলে বল্লমঝাড় ইউনিয়নের আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী এমারুল ইসলাম বলেন, দলীয় নেতা-কর্মীদের অসহযোগিতার কারণে এখানে নৌকার পরাজয় হয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল বলেন, ‘দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করা হয়নি ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হয়নি। কেন হয়নি, এটা আমার প্রশ্ন। এসবই দলের বিপর্যয়ের প্রধান কারণ।’
জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম বলেন, প্রার্থী মনোনয়নে জেলা কমিটি দায়ী নয়। দলীয় প্রার্থী মনোনয়নে ইউনিয়ন ও উপজেলা কমিটির প্রস্তাব কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়।