>

কিছু কিছু মনোনয়নের ক্ষেত্রেও যোগ্য প্রার্থীদের বদলে ‘মনোনয়ন বাণিজ্য’ করে অজনপ্রিয়দের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব কারণেই ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীরা হেরেছেন
মানিকগঞ্জে গত উপজেলা নির্বাচনে ভরাডুবি হয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা আশানুরূপ ফল করেননি। জেলার শীর্ষ নেতারা বলছেন, ওই দুই স্থানীয় সরকার নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন তাঁরা। কিন্তু তাঁদের মুখের এই কথা বাস্তব রূপ পাওয়ার পথে প্রধান বাধা জেলা নেতাদের অন্তর্দ্বন্দ্ব।
গত সপ্তাহে মানিকগঞ্জের জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে কথা বলে বোঝা গেল, দলের ভেতরে সুবিধাবঞ্চিত এবং সুবিধা পাওয়াদের দুটি পক্ষ রয়েছে। এ ছাড়া দলের ভেতরে সাংসদ ও প্রতিমন্ত্রীর রয়েছে ছোট্ট নিজস্ব বলয়। এসব ক্ষুদ্র উপদল এক জোট হয়ে ভোটযুদ্ধে নামতে না পারার কারণেই উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছেন।
মানিকগঞ্জে সদরসহ উপজেলা সাতটি। সব কটি উপজেলাতেই চেয়ারম্যান পদে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। ইউনিয়ন পরিষদের নির্বাচনেও চারটি উপজেলায় বিএনপির প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ। নাম প্রকাশে অনিচ্ছুক জেলার কয়েকজন নেতা-কর্মী প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে নেপথ্য থেকে তাঁদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন দলেরই প্রভাবশালী ব্যক্তিরা। এ ছাড়া কিছু কিছু মনোনয়নের ক্ষেত্রেও যোগ্য প্রার্থীদের বদলে ‘মনোনয়ন বাণিজ্য’ করে অজনপ্রিয়দের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব কারণেই ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীরা হেরেছেন। ইউপি নির্বাচনে সবচেয়ে খারাপ ফল হয়েছে শিবালয়, ঘিওর, হরিরামপুর ও দৌলতপুর—এই ৪ উপজেলায়। শিবালয়ে ৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ১টি, ঘিওরে ৭টির মধ্যে ২টি, হরিরামপুরে ১৩টির মধ্যে ৪টি এবং দৌলতপুরে ৮টির মধ্যে ৪টি।
স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউপি নির্বাচনের দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি। গত শুক্রবার (১৪ জুলাই) তাঁর বাড়িতে প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘হেরেছি এটাই বাস্তবতা। কোনো কারণ বলতে পারব না।’ জেলায় দলের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘সাংগঠনিক অবস্থা এখন ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার এসেছে। এসব তুলে ধরে আমরা আরও বেশি করে জনগণের কাছে যাব। মাঠপর্যায়ে দলকে চাঙা করে তুলব।’
সভাপতি যতটা দাবি করেছেন, দলের সাংগঠনিক অবস্থা ততটা মজবুত নয় বলেই দলের অন্যরা মনে করেন। খোদ সাধারণ সম্পাদক বলেছেন, চারটি উপজেলাতে এখনো কমিটিই হয়নি। জেলায় সর্বশেষ কাউন্সিল হয়েছে ২০১৫ সালের ১৭ জানুয়ারি। সেই কাউন্সিলেই গোলাম মহীউদ্দিন সভাপতি ও আবদুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁর শহরের পশ্চিম দাশুড়িয়ার বাড়িতে গত বৃহস্পতিবার (১৩ জুলাই) কথা হলো। তিনি জানালেন, সভাপতির সঙ্গে মতান্তরের কারণে শিবালয়, ঘিওর, দৌলতপুর ও হরিরামপুর উপজেলায় এখনো কমিটি হয়নি। তবে তাঁদের মধ্যে আদর্শিক কোনো দ্বন্দ্ব বা বড় কোনো সমস্যা নেই বলে মন্তব্য করলেন তিনি।
মানিকগঞ্জে ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পাননি। ২০০১ সাল পর্যন্ত জেলায় সংসদীয় আসন ছিল চারটি। এরপর আসন বিন্যাস করে করা হয় তিনটি। এর মধ্যে ২০০৮ সালে আওয়ামী লীগ দুটিতে এবং একটি আসনে জয় পান জাতীয় পার্টির প্রার্থী। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়েছেন মানিকগঞ্জ-১ (দৌলতপুর, ঘিওর, শিবালয়) নাঈমুর রহমান, মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর) কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে জাহিদ মালেক, তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী। নাঈমুর রহমান ও মমতাজ বেগম এবারই প্রথম সাংসদ হয়েছেন। নিজ নিজ ক্ষেত্রে তাঁরা জননন্দিত হলেও আগে তাঁদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। তবে তাঁরা দুজনই দেশের বাইরে থাকায় জেলার রাজনীতি নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি জানা গেল না।
প্রবল প্রতিপক্ষ বিএনপির মোকাবিলা করে বিগত সময় যাঁরা মাঠে আন্দোলন করেছেন, তাঁরা জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় দলের জেলা নেতৃত্বের মধ্যে বঞ্চনাবোধ রয়েছে। নতুন আসা নেতারা তাঁদের প্রভাব টিকিয়ে রাখতে নানাভাবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রভাববলয় তৈরি করছেন। এই বলয়ভুক্ত ব্যক্তিরাই জেলার চারটি বালুমহালের ইজারা, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদ ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। তাঁদের অনেকের নামে নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মেরও অভিযোগ রয়েছে।
জেলায় আওয়ামী লীগের পিছিয়ে পড়া সম্পর্কে দলের সভাপতি গোলাম মহীউদ্দিন বললেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর মানিকগঞ্জে দল নেতৃত্বহীন হয়ে পড়ে। তখন যাঁরা নেতৃত্বে ছিলেন, তাঁদের মধ্যে কেউ খোন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। পরে কেউ মালেক গ্রুপে, কেউ বাকশালে যোগ দিয়েছিলেন। সাংগঠনিকভাবে দল দুর্বল হয়ে পড়ে। অপর দিকে এই সময় খোন্দকার দেলোয়ার হোসেনের মতো দক্ষ সংগঠক, সাবেক মন্ত্রী শামসুল ইসলাম খান, হারুনার রশীদ খান মুন্নুর মতো শিল্পপতি ও বিত্তশালীরা এখানে বিএনপিকে শক্ত ভিতের ওপর গড়ে তোলেন।
পিছিয়ে পড়া আওয়ামী লীগকে স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলন, খালেদা সরকারবিরোধী আন্দোলনের ভেতর দিয়ে অনেক ত্যাগ ও নির্যাতন সহ্য করে যাঁরা একটা অবস্থানে নিয়ে আসেন, এমন অধিকাংশ নেতা-কর্মীর কোনো মূল্যায়ন হয়নি। অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী মানিকগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদাও প্রথম আলোকে বললেন, ‘ত্যাগী নেতা-কর্মীদের সঠিক মূল্যায়ন হয়নি। তাঁরা জেলা, উপজেলা, ইউনিয়ন কোনো কমিটিতে নেই। আমার পক্ষে আর বেশি কিছু বলা ঠিক হবে না।’ তিনি নিজেও নতুন জেলা কমিটিতে স্থান পাননি।
জেলা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক আবদুস সালাম বললেন, মাঠের আন্দোলন যাঁরা করেন, তাঁদের জনসম্পৃক্ততা থাকে, দায়বদ্ধতা থাকে। নবাগতদের তা থাকে না। তাঁরা এসেই দলে কার কী অবস্থান, কী অবদান তা বিবেচনা না করেই নিজেদের অভিমত প্রতিষ্ঠা করতে চান। একটি নিজস্ব বলয় গড়ে তোলেন। এই ‘নব্য আওয়ামী লীগার’-এর (তাঁর ভাষায়) প্রভাবেই মানিকগঞ্জের স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি ঘটেছে বলে তিনি মনে করেন। তবে তিনি মনে করেন, স্থানীয় সরকারের নির্বাচন ও জাতীয় নির্বাচন এক রকম নয়। অর্থনৈতিক উন্নয়ন, যুদ্ধাপরাধীদের বিচারসহ জাতীয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দলের কান্ডারি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। জাতীয় নির্বাচনে এই বিষয়টি তাঁদের পক্ষে কাজ করবে। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে একেকবারে একেক রকম বাতাস ওঠে, ঢেউ জাগে। তার ওপরেই ফলাফল নির্ভর করে।’ সেই ঢেউ আওয়ামী লীগের পক্ষেই থাকবে বলে জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশা।