দ্বন্দ্বের জেরে সদস্যসচিবকে কারণ দর্শানোর নোটিশ

তোফাজ্জল হোসেন ও আরিফুর রহমানের মধ্যে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি। আরিফুরকে নোটিশ দেওয়ায় বিরোধ আরও ঘনীভূত হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফাজ্জল হোসেন, আরিফুর রহমান

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপিতে এবার বিরোধ আরও প্রকট আকার ধারণ করেছে। তিনটি অভিযোগের পরিপ্রেক্ষিতে দলটির আহ্বায়ক কমিটির সদস্যসচিবকে জেলা কমিটি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও সদস্যসচিব আরিফুর রহমানের সৃষ্ট দ্বন্দ্ব আরও উত্তাপ ছড়াচ্ছে।

দলীয় সূত্র জানায়, জেলা কমিটির দেওয়া ওই কারণ দর্শানোর নোটিশ আজ বৃহস্পতিবার আরিফুরের রহমান পেয়েছেন। কারণ দর্শানোতে একটি ইউনিয়ন কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর না করা, তারেক রহমানকে নিয়ে করা কটূক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলের নেতাদের বিরুদ্ধে মন্তব্য করার কারণ জানতে চাওয়া হয়। আরিফুরের বিরুদ্ধে ওই তিন অভিযোগ তুলে তাঁকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে আগে থেকেই এক হয়েছেন উপজেলার নয়টি ইউনিয়ন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব। পরে ১৫ জুন তাঁরা এ বিষয়ে জেলা কমিটির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা কমিটি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর আরিফুরের বিষয়ে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত জানা যাবে।

এ বিষয়ে জানতে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সভাপতির ফোনটি বন্ধ এবং রিং হলেও সাধারণ সম্পাদক ফোন ধরেননি। তবে জেলা কমিটির সহসভাপতি জালাল উদ্দিন কটিয়াদী উপজেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিক আরিফুরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা বিএনপির কয়েকজন নেতা–কর্মী বলেন, নয়টির মধ্যে আটটি ইউনিয়নে কমিটি আহ্বায়ক ও সদস্যসচিব গঠন করেন। বিপত্তির বাধে কেবল চান্দপুর ইউনিয়ন নিয়ে। আরিফুর চেয়েছিলেন ইউনিয়নটির চেয়ারম্যান মাহতাব উদ্দিনকে আহ্বায়ক ও আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাহিদ সদস্যসচিব হবেন। কিন্তু তোয়াজ্জল তা না করে উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি রিয়াজুল ইসলামকে আহ্বায়ক ও কর্মী ইমাম হোসেনকে ওই ইউনিয়ন কমিটির সদস্যসচিব করেন। ওই দুই নেতাকে দিয়ে কমিটি করার বিষয়ে তোফাজ্জলের কাছে জেলা কমিটির সুপারিশও ছিল।

দলীয় সূত্রে জানা গেছে, চান্দপুর ইউনিয়নের ঘোষিত কমিটি কোনোভাবেই মেনে নিতে পারেননি আরিফুর। তিনি কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন। তাঁর ওই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এরপরই আরিফুরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন তোফাজ্জল। পরে বিষয়টি নিয়ে তিনি ইউনিয়ন কমিটির নেতাদের সঙ্গে জরুরি সভা করেন।