ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রোববার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এর আগে গত কয়েক দিন ধরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। সেখানেই চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম আজ ঘোষণা করা হলো।
নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ৬৭২টি ইউপির ভোট গ্রহণ হবে আগামী ৩১ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ। আপিল দাখিল ৭ থেকে ৯ মার্চ। ১০ থেকে ১২ মার্চের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৪ মার্চ প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং কর্মকর্তারা।
এদিকে আগামী ৮ মার্চের মধ্যে সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তৃতীয় ধাপের প্রার্থীদের তালিকা পাঠাতে তৃণমূল কমিটিকে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপের প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন