দ্বিতীয় ধাপের ২৭ ইউপিতে প্রার্থী পায়নি বিএনপি
ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচনেও ২৭টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী পায়নি বিএনপি। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, ক্ষমতাসীনদের ভয়ভীতির মুখে অনেক জায়গায় নেতারা প্রার্থী হতে রাজি হননি। ফলে ২৭টি ইউপিতে ধানের শীষ প্রতীকে কাউকে মনোনয়ন দেওয়া যায়নি।
এর আগে প্রথম ধাপের নির্বাচনেও ২০টির মতো ইউনিয়নে বিএনপি প্রার্থী দিতে পারেনি।
৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৫৭টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
আগের দিন মঙ্গলবার রাতে বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করে দলীয় মনোনয়ন শেষ করেছে। কেন্দ্রীয়ভাবে ইউপি নির্বাচন সমন্বয়ে যুক্ত বিএনপির একজন নেতা প্রথম আলোকে বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে ২৭টি ইউনিয়ন থেকে তৃণমূল কমিটি কারও নাম সুপারিশ করেনি। এসব ইউনিয়নের বেশির ভাগই মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায়।
বিএনপি কেন্দ্রীয়ভাবে ইউপি চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন করছে না। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের পাঁচ নেতা এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যিনি বিএনপির প্রার্থী ছিলেন, এই ছয়জনের সুপারিশের ভিত্তিতে প্রার্থীর নাম সুপারিশ করা হচ্ছে। কেন্দ্র তাঁদের মধ্যে থেকে একজনকে দলীয় প্রতীক বরাদ্দের জন্য মনোনয়নের চিঠি দিচ্ছে।
দ্বিতীয় ধাপের মনোনয়নের বিষয়ে জানতে চাইলে দলীয় প্রার্থী মনোনয়ন-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, আওয়ামী সন্ত্রাস, ভয়ভীতির কারণে অনেকে প্রার্থী হননি। কয়েকটি জায়গা থেকে তাঁরা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর সুপারিশ পাননি।
এবারই প্রথম স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে।