দ্বিধাবিভক্ত হলো খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টি
খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রতিবাদ সভার মধ্য দিয়ে এ বিভাজন স্পষ্ট হয়।
মঙ্গলবার খাগড়াছড়ি টাউন হলে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুর সবুরের উপস্থিতিতে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রেসিডিয়াম সদস্য আবদুর সবুর নতুন জেলা কমিটির সভাপতি হিসেবে মো. ইসহাক, সাধারণ সম্পাদক হিসেবে মো. ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে খোরশেদ আলমের নাম ঘোষণা করেন।
সভায় বক্তারা অভিযোগ তুলে বলেন, ঘোষিত কমিটিতে আগের মতো খাগড়াছড়ি জেলার বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে পাহাড়ি-বাঙালির সমন্বয় ঘটানো হয়নি। অর্থের বিনিময়ে মনগড়াভাবে পকেট কমিটি গঠন করা হয়েছে। বক্তারা ঘোষিত কমিটি বাতিল করে সকল সম্প্রদায়ের সমন্বয়ে একটি নতুন কমিটি গঠনে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিগত কমিটির সভাপতি নিরাপদ তালুকদার, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সহসভাপতি ইন্দু বিকাশ দেওয়ান, দিঘীনালা উপজেলার সভাপতি জিল্লুর রহমান, মানিকছড়ি উপজেলার সভাপতি হাফেজ মোল্লা প্রমুখ।