যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রী ও আশরাফের মন্তব্য
দ্বিপক্ষীয় সম্পর্কে ঘাটতির আশঙ্কা করছে বিএনপি
যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকারের মন্তব্যের কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি।
গতকাল শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির এ আশঙ্কার কথা জানান দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবারের সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে বিএনপি এ সংবাদ সম্মেলন করে। গত ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকে ‘দুই আনার মন্ত্রী’ বলে মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র ৫ জানুয়ারির নির্বাচন বন্ধের জন্য সব ধরনের চেষ্টা চালিয়েছিল। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘কোনো দেশ পাশে থাকলে আমরা বেঁচে থাকব, পাশে না থাকলে মরে যাব—এটা ভাবা ঠিক না।’
এসব বক্তব্য উল্লেখ করে শমসের মবিন চৌধুরী বলেন, দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে শুধু অর্থনৈতিক সম্পর্ক নয়, আরও অনেক বিষয় থাকে। সরকার যখন এ ধরনের মিথ্যাচার বা এ ধরনের আচরণ করে, তখন কূটনৈতিক সম্পর্কে ঘাটতি দেখা দেয়। তিনি সরকারের উদ্দেশে বলেন, মিথ্যাচারের কূটনীতি বন্ধ করেন। এটি কারও কাম্য নয়। নিশা দেশাই সম্পর্কে সৈয়দ আশরাফের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূতই নয়, এখানে বর্ণবাদের ইঙ্গিত আছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, গত বৃহস্পতিবার রাতে কর্মরত কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে বিএনপির চেয়ারপারসনের কোনো বৈঠক হয়নি। দলের নেতা ও উপদেষ্টাদের নিয়মিত যেসব বৈঠক হয়, সে বৈঠকই হয়েছে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে ফখরুল বলেন, বিএনপিকে ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করতে হয় না। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যায়। দেশের জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে এ রকম ষড়যন্ত্রের কথা বলে।
বিএনপির চেয়ারপারসনকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত প্রতিহিংসার বহিঃপ্রকাশ, শিষ্টাচারবহির্ভূত, অবিশ্বাস্য ও নোংরামিপূর্ণ। দেশের রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করার ক্ষেত্রে শেখ হাসিনাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন।
দুর্নীতি নিয়ে কথা বলায় প্রধানমন্ত্রী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘পায়ের নিচের মাটি শক্ত থাকলে পদত্যাগ করে নির্বাচন দিন। তখন দেখা যাবে, কার পায়ের নিচের মাটি কত শক্ত।’