দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সাহস এই সরকারের নেই: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন
ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রব্যমূল্য রোধ করা বা নিয়ন্ত্রণ করার কোনো সাহস বা সুযোগ এই সরকারের নেই। কারণ, এই দ্রব্যমূল্য যারা বৃদ্ধি করছে, তারা সব সিন্ডিকেট। একসঙ্গে হয়ে তারা তাদের পকেট ভারী করার জন্য দ্রব্যের দাম বাড়াচ্ছে।

বিএনপি নেতা এ কে এম ফজলুল হক মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আজ মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। সেখানে তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ হোমনা জাতীয়তাবাদী ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই যে যারা সিন্ডিকেট, তারা সবাই আওয়ামী লীগ। আজকে তাদের দুর্নীতি এবং সিন্ডিকেটের জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। এ কারণে আজ সাধারণ মানুষের জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে গেছে। এখন টিসিবির ট্রাকের পেছনে মধ্যবিত্তরাও লাইন দেয়। সারা দিন লাইন দিয়েও পণ্য পায় না।

দেশের সর্বক্ষেত্রে আজকে একটা বিরাট সংকট মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। মুক্তিযুদ্ধের মূল যে আকাঙ্ক্ষা, মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেটাকে তারা (আওয়ামী লীগ) বারবার হত্যা করেছে। আমাদের নেত্রী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, সেটাকে তারা বাতিল করে দিয়ে গায়ের জোরে ক্ষমতায় আছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ সদস্য বলেন, ‘আজকে জনগণ এই সরকারকে দেখতে চায় না। পরিবর্তন চায়। আমরা আমাদের দল থেকে বলেছি, শেখ হাসিনার সরকারের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান, নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিঞা মো. মিজানুর রহমান প্রমুখ।