দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাইল সিপিবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে ভোক্তা জনগণের পকেট কাটা হচ্ছে। লুটপাটের ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে।
সিপিবি ঘোষিত ‘দাম কমাও, জান বাঁচাও’ দিবসে এসব কথা বলেন বক্তারা। আজ বুধবার রাজধানীর পল্টন মোড়ে বিকেল সাড়ে চারটায় এ সমাবেশ হয়। আয়োজন করে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটি।
সমাবেশে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুদদারদের ‘‘পাহারাদার’’ হিসেবে ব্যবসায়ী সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই। একদিকে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে, অন্যদিকে উৎপাদক কৃষক প্রতারিত হচ্ছেন।’
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের দর্শনের বদলে সরকার এখন মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী সিন্ডিকেট দাম বাড়িয়েই চলেছে।
সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার অবিলম্বে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলমান ‘লুটপাটতন্ত্র ও দুঃশাসনের’ অবসান ঘটানোর লড়াইয়ে শামিল হতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান।
সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিপিবি নেতা ত্রিদিব সাহা, শংকর আচার্য, গোলাম রাব্বী খান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সিপিবি ঢাকা দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন।
সমাবেশ থেকে গরিব মানুষের জন্য রেশনিং–ব্যবস্থা চালু, গণবণ্টনব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করা, ন্যায্যমূল্যের দোকান চালু এবং ‘বাফার স্টক’ গড়ে তোলার দাবি ওঠে। এ ছাড়া অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়া, লুটেরা, মজুদদার, মুনাফাখোর ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
সমাবেশের আগে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে একটি বিক্ষোভ মিছিল ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।