দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সিপিবি-বাসদের
বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেন, হঠাৎ অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র খেটে খাওয়া গরিব, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অসাধু ব্যবসায়ীদের অতিমুনাফার জন্য মূল্যবৃদ্ধির পাশাপাশি খাদ্যে ভেজালও বেড়েছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দুষ্টচক্র সিন্ডিকেট এখন বাজার নিয়ন্ত্রণ করছে। কিন্তু সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ, বাজারের নিয়ন্ত্রকেরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। বিজ্ঞপ্তি।