দ্রুত আরেকটি নির্বাচনের অঙ্গীকার করেছিল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত আরেকটি নির্বাচনের অঙ্গীকার করে আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় এলেও সেই সরকারের অবস্থা এখন অনেকটাই শক্ত, তখনকার রাজনৈতিক প্রতিশ্রুতি এখন আলোচনাতেও নেই।
এখন সরকারের মন্ত্রী ও সরকারদলীয় নেতারা বলছেন ২০১৯ সালের কথা, যখন এই সরকারের মেয়াদ শেষ হবে। ২০২১ সালে স্বাধীনতার অর্ধশতক বা সুবর্ণজয়ন্তীর সময় দলটি ক্ষমতায় থাকবে, এমন স্বপ্ন দলটির নেতা-কর্মীদের।
বিরোধী দল বিএনপিও ধরে নিয়েছে, নির্বাচন ছাড়া সরকার পতনের আর কোনো পথ নেই। এত দিন আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কথা বলে আসা বিএনপির নেতাদের বক্তৃতা-বিবৃতির ধরন পরিবর্তন হয়েছে। এরই মধ্যে ২০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমে এই সরকারকে ঘায়েল করতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে কিছু শর্ত জুড়ে দিয়ে খুব শিগগির সমঝোতার ভিত্তিতে একাদশ সংসদ নির্বাচনের আভাস দিয়েছিলেন। কিন্তু বিএনপি-জামায়াত সেই শর্ত না মেনে সরকার পতনের আন্দোলন শুরু করে। সরকার তা মোকাবিলায় সফল হয় এবং এখন সেসব প্রতিশ্রুতির কথা অনেকটাই চাপা পড়ে গেছে।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আলোচনার মধ্য দিয়ে যদি আমরা সমঝোতায় আসতে পারি, আর উনি যদি হরতাল-অবরোধ বন্ধ করেন, তাহলে সংসদ ভেঙে দিয়েও নির্বাচন দিতে পারি।’ (১৯ ডিসেম্বর, ২০১৩; সমকাল ও যুগান্তর)। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আলোচনা চলছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের  পরও আলোচনা চলবে।
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচনোত্তর প্রথম সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রী বলেন, ‘সহিংসতা ও জামায়াতের সঙ্গ ছেড়ে আলোচনায় আসুন।’ (৭ জানুয়ারি, ২০১৪; দৈনিক ইত্তেফাক)
তবে সেই আলোচনা দুই দলের মধ্যে আর হয়নি। বিএনপি-জামায়াত জোট ওই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে সহিংস আন্দোলনের পথ বেছে নেয়। তখন থেকেই আলোচনার সম্ভাবনা ক্ষীণ হতে থাকে। এক বছরের মাথায় নির্বাচনের বর্ষপূর্তিতে সরকার পতনের ডাক দিলে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যায়। গত বছর টানা তিন মাস হরতাল ও অবরোধ পালনের কর্মসূচি দিলেও সহিংসতার একপর্যায়ে তা অকার্যকর হয়ে পড়ে। তারপর থেকে বিরোধী পক্ষ এ পর্যন্ত আর কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি। যদিও কাল ৫ জানুয়ারি নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএনপি শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। একই দিন, একই স্থানে আওয়ামী লীগ সমাবেশ করতে চাওয়ায় পুলিশ কাউকেই অনুমতি দিচ্ছে না। দুই দলই এখন নিজ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়।
রাজনৈতিক এই পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, সহিংসতা, অবরোধ ও নাশকতা করে বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তবে এত কিছুর পরও কিন্তু দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত হয়নি।
২০১৪ সালের ৪ জানুয়ারি নির্বাচনের একদিন আগে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ বলেছিলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর কোনো না কোনো সময় একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সমঝোতার ভিত্তিতে একাদশ নির্বাচন হতে পারে।’ (ইত্তেফাক, ৫ জানুয়ারি ২০১৪)
২০১৪ সালের ওই মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তোফায়েল আহমেদ সম্প্রতি বলেন, দেশে আরেকটি নির্বাচনের প্রয়োজন নেই। তা ছাড়া সমঝোতার পরিবর্তে বিএনপি-জামায়াত সহিংসতার পথে হাঁটায় ওই রাজনৈতিক অঙ্গীকারের কার্যকারিতা আর নেই।
৫ জানুয়ারির নির্বাচনের স্বীকৃতি নিয়ে প্রশ্ন প্রসঙ্গে প্রবীণ এই নেতা বলেন, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরী তো ওই সংসদের সাংসদ এবং তাঁরা বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক সরকারের ভোটে দুটি আন্তর্জাতিক সংগঠনের নেতা নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, এ ছাড়া দেশে সরকার ও সংসদ সক্রিয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে।
তবে বিএনপির একাংশ এখনো মনে করে, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে দলটি ভুল করেছে। এমনকি নির্বাচন প্রতিহত করার ডাক দিয়ে, তা না করতে পেরে আন্দোলন থেকে সরে আসাটাও ছিল আরেকটি ভুল। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া ভুল না সঠিক ছিল, সেটি মূল্যায়ন করে আর লাভ নেই। এখন আমরা সামনে তাকাতে চাই।’
বিএনপির নেতৃত্বে ২০-দলীয় জোটের সহিংস আন্দোলন চলাকালে (৫ জানুয়ারি থেকে ৯ মার্চ) ১১৯ জন নিহত হন। এঁদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধ ও গণপিটুনিতে নিহত হন ৩৬ জন। এর আগে ২০১৪ সালে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৪০ দিনে নির্বাচনী সহিংসতা ও র্যাব-পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১২৩ জন।
জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথা বলে আওয়ামী লীগ সরকার গঠন করে যত দ্রুত সম্ভব সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন তা অস্বীকার করলেও দেশে-বিদেশে কেউই ওই নির্বাচন গ্রহণ বা সমর্থন করেনি।’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ওই অঙ্গীকার লিখিত ছিল না, কিন্তু সাধারণ মানুষও বিষয়টি জানত।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট জনসম্পৃক্ত আন্দোলন গড়তে ব্যর্থ হওয়ায় সরকার ওই সুযোগ নিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তবে তাঁরা মনে করছেন, বিরোধী দলকে একের পর ঘায়েল করে ও ফাঁদে ফেলে সরকার আপাতত স্বস্তিতে থাকলেও সুশাসন প্রতিষ্ঠা করতে পারছে না।
এ প্রসঙ্গে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, রাজনীতির মাঠ গরম রাখতে না পারা এবং ভয়ভীতির কারণে কর্মসূচিতে মানুষ অংশ না নেওয়ায় সরকারের সামনে সেই অর্থে চ্যালেঞ্জ নেই। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ জেলে, আরেকটি অংশ নিষ্ক্রিয় এবং অন্যরা বিদেশে বা নীরব দর্শকের ভূমিকায়।
এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী প্রথম আলোকে বলেন, এ দেশে ক্ষমতা এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছে যে কেউ তা ছাড়তে চায় না। আওয়ামী লীগ ৫ জানুয়ারির সমালোচিত নির্বাচন সামাল দিয়ে ফেলছে। তাই চাপ অনুভব করছে না। দলটির মনোভাব হচ্ছে, ‘আমার কী ঠেকা পেড়েছে? আমি তো চালিয়ে যাচ্ছি।’ বিএনপির অবস্থান সম্পর্কে দিলারা চৌধুরী বলেন, দলটির নেতৃত্ব দুর্বল, সাংগঠনিক অবস্থাও নড়বড়ে। এরপর আছে গ্রেপ্তার ও হয়রানি। এই পরিস্থিতিতে দলটির পক্ষে উঠে দাঁড়ানো কঠিন। আর সেই সুযোগ নিচ্ছে সরকার।
২০১৪ সালের ১ জানুয়ারি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সংলাপ ও সমঝোতার মাধ্যমে প্রধান বিরোধী দলসহ সব নিবন্ধিত দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। আমরা আশা করি বিরোধী দল প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে।’ (প্রথম আলো, ১ জানুয়ারি ২০১৪)
সরকারি দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, এখন আলোচনা বা সংলাপে সরকারের আগ্রহ নেই। এ প্রসঙ্গে সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে প্রশ্ন তোলা হয়েছে—কিসের সংলাপ, কার সঙ্গে সংলাপ?
বিএনপির নেতা মাহবুবুর রহমান সংলাপ প্রসঙ্গে বলেন, ‘আওয়ামী লীগ সাংবিধানিক অনিবার্যতা ও ধারাবাহিকতা রক্ষার কথা বলে নির্বাচন করেছিল। কিন্তু নির্বাচনের পর ২০১৯ সাল দেখিয়ে দেওয়াটা রাজনৈতিক প্রতারণার শামিল।’ তিনি বলেন, সেই অবস্থান থেকে সরকার অনেক দূরে সরে গেলেও গণতন্ত্রের সংকট তো অনস্বীকার্য। অথচ মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল এই গণতন্ত্র।
এদিকে, আওয়ামী লীগের ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে দেখা যায় যে তাতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার অঙ্গীকার ছিল। এ-সংক্রান্ত অগ্রাধিকারভিত্তিক দফায় বলা হয়েছিল, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত এবং নিরবচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত করার মতো মৌলিক প্রশ্নে সব রাজনৈতিক দল, শ্রেণি ও পেশাজীবী সংগঠন এবং সিভিল সমাজসহ দল-মতনির্বিশেষে জাতীয় ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।’ (পৃষ্ঠা-২৩, অগ্রাধিকার-১.৩)
এ প্রসঙ্গে জানতে চাইলে ১৪ দলের সমন্বয়কারী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, আন্দোলনের নামে বিএনপি নিজেই যে ফাঁদে পড়েছে, তাতে সংলাপ বা আলোচনা আর করতে হবে না। জনসম্পৃক্ততা না থাকায় এমনিতেই তারা চুপসে গেছে।