দ্রুত জিজ্ঞাসাবাদে আগ্রহী পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের সম্মতি পেলে দ্রুত নেগ্রিমস হাসপাতালে বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদকে জেরা করতে চায় শিলংয়ের পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে না পারায় এখনো তাঁর বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলার তদন্ত পুলিশ শুরু করতে পারছে না। কিন্তু নেগ্রিমসের (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস) চিকিৎসকেরা বলছেন, তাঁর শারীরিক অবস্থার অবনতি না হলেও পুরোনো জটিল রোগের কারণে তাঁকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা উচিত।
জানতে চাইলে শিলং নগরের পুলিশ সুপার বিবেক সিয়েম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব চিকিৎসাধীন থাকায় তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না।
আগামী দু-এক দিনের মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হবে কি না জানতে চাইলে বিবেক সিয়েম বলেন, পুলিশ যত সম্ভব তাঁকে জেরার কাজটি শুরু করতে চায়।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সালাহ উদ্দিন আহমদকে চিকিৎসকের উপস্থিতিতে জেরা করার অনুমতি দিতে পুলিশ সুপারের কার্যালয় নেগ্রিমস কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিল। গতকাল পর্যন্ত নেগ্রিমস কর্তৃপক্ষ পুলিশের ওই অনুরোধে সাড়া দেয়নি।
সালাহ উদ্দিন আহমদের স্বাস্থ্যের খোঁজ নিলে গতকাল নেগ্রিমসের পরিচালক এ জে এহেনগার জানান, তাঁর স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপির নেতার জন্য গঠিত চিকিৎসকদের বোর্ড তাঁকে জেরা করার অনুমতি দেওয়ার পক্ষে নন।
প্রসঙ্গত, শিলংয়ের সিভিল হাসপাতাল সালাহ উদ্দিন আহমদের স্বাস্থ্যপরীক্ষার প্রতিবেদন দিতে দেরি করায় পুলিশ অসন্তুষ্ট ছিল। ১১ মে বিএনপির নেতাকে গ্রেপ্তারের এক দিন পর অর্থাৎ ১২ মে সিভিল হাসপাতালে ভর্তি করার পর আট দিন পেরিয়ে গেলেও বারবার তাঁর স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। অথচ চিকিৎসক বোর্ড স্বাস্থ্যপরীক্ষার কেন প্রতিবেদন দিচ্ছিল না। এর জের ধরে ১৯ মে জরুরি ভিত্তিতে বিএনপির নেতার স্বাস্থ্যের হালনাগাদ তথ্য জানাতে পুলিশ সুপারের কার্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি লিখেছিল। চিকিৎসক বোর্ড না বসলেও ওই দিনই তাঁকে সিভিল হাসপাতাল থেকে নেগ্রিমসে স্থানান্তর করতে চেয়েছিল হাসপাতাল পুলিশ। অবশ্য পরদিনই তাঁকে নেগ্রিমসে পাঠানো হয়।
সিভিল হাসপাতালের ওই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে নেগ্রিমসে যাতে কালক্ষেপণ না হয়, পুলিশ সে ব্যাপারে সতর্ক রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
১১ মে ভোরে শিলংয়ের গলফ-লিংক এলাকা থেকে পুলিশ সালাহ উদ্দিন আহমদকে আটক করে। বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাঁকে ভারতের ফরেনার্স অ্যাক্টে বিচারের মুখোমুখি হতে হবে।