দ্রুত সাংগঠনিক কাজ শুরু করতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের রেশ কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করতে চায় বিএনপি। আপাতত দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক, মতবিনিময়, দল পুনর্গঠন—এসবের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে দল পুনর্গঠনের কাজ পুরোদমে শুরু করতে আরও কিছু সময় লাগতে পারে বলে দলের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে জানা গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছয় মাস পর সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর মধ্যে গত রোববার রাতে তিনি দলীয় চেয়ারপারসনের ‘নির্দেশক্রমে’ যুক্তরাজ্য শাখা বিএনপির কমিটির অনুমোদন দিয়েছেন। কারাগার থেকে বের হওয়ার পর এটাই তাঁর প্রথম সাংগঠনিক কাজ। তবে আপাতত তিনি রাজনীতিতে খুব একটা সময় দিতে পারছেন না। কারণ, চিকিৎসার জন্য ২৫ জুলাই তাঁর বিদেশে যাওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া জ্যেষ্ঠ নেতাদের অনেকে এখনো আত্মগোপনে, অনেকে অসুস্থ। এ অবস্থায় সাংগঠনিক কর্মকাণ্ড পুরোদমে সচল করা, বিশেষ করে দল পুনর্গঠন-প্রক্রিয়া শুরু করা কঠিন হতে পারে বলে মনে করছেন দলের নেতারা।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এখন দল গোছানোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যোগ্য লোকদের যোগ্য জায়গায় নেওয়া গেলে ভবিষ্যতে আন্দোলন সফল হবে। দল পুনর্গঠন নিয়ে আলাপ-আলোচনা চলছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিবও মুক্তি পেয়েছেন। দ্রুত কাজ শুরু হবে বলে তিনি আশা করছেন।
আড়াই মাস ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দল পুনর্গঠনের কথা বলে আসছেন। যদিও এখন পর্যন্ত পুনর্গঠনের কার্যক্রম শুরু করতে পারেনি দলটি। সর্বশেষ ঈদের দিন খালেদা জিয়া বলেছেন, দল গুছিয়ে আবার আন্দোলন শুরু করবেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পর্যায়ক্রমে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বৈঠক করে তাঁদের সঙ্গে পরামর্শ করবেন। এরপর দলের পুনর্বিন্যাস হবে।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেও পুনর্গঠনের কাজ থেমে থাকবে না। চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই এ-সংক্রান্ত সাংগঠনিক কার্যক্রম শুরু করতে চান। তিনি দ্রুত সময়ের মধ্যে দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, চেয়ারপারসনের উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তাঁদের কাছ থেকে মতামত, পরামর্শ নিয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা আছে।
খালেদা জিয়ার কার্যালয় সূত্র জানায়, দু-এক দিনের মধ্যে খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে বসা শুরু করবেন। এরপর সাংগঠনিক এসব বৈঠকের সময় নির্ধারণ করা হবে।
যুক্তরাজ্য কমিটি: এম এ মালেককে সভাপতি ও কয়সর এম আহমেদকে সাধারণ সম্পাদক করে দলের যুক্তরাজ্য শাখার ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। ১০১ সদস্যের বাইরে ৩১ জনকে কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এই কমিটির অনুমোদন দিয়েছেন বলে বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঈদের দিন বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দিদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি মোটরসাইকেলে ছিলেন। সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি আহত হন। তিনি মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।