ধনবাড়ীতে বিদ্রোহী নিয়ে বিপাকে আ.লীগ
মতবিরোধ থাকায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নের পাঁচটিতেই আওয়ামী লীগ একক প্রার্থী দিতে পারেনি। এসব ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ওই দলে সমস্যা থাকলেও বিএনপি সব ইউনিয়নে একক প্রার্থী দিয়েছে।
তবে বিএনপির প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকদের হুমকির মুখে তাঁরা ঠিকমতো নির্বাচনী প্রচার চালাতে পারছেন না।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছ, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ধনবাড়ীর সাতটি ইউনিয়নে নির্বাচন হবে। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা অনেক বেশি ছিল। তাই প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগকে বেগ পেতে হয়েছে। তারপরও কাটিয়ে উঠতে পারেনি সংকট। সাত ইউনিয়নের মধ্যে পাঁচটিতেই নয়জন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। অপর দিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা তেমন ছিল না। তাই সহজেই প্রতিটি ইউনিয়নে তারা একক প্রার্থী দিতে পেরেছে।
সাতটি ইউনিয়নের মধ্যে মুশুদ্দি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের আপন মামা খন্দকার মঞ্জুর মোর্শেদ। এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হজরত আলী, উপজেলা যুবলীগের সদস্য মো. শাহাদৎ হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা বাবুল আহমেদ প্রামাণিক বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ ছাড়া বিএনপির প্রার্থী হয়েছেন মো. ইদ্রিস আলী।
বলিভদ্র ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা মো. সুরুজ্জামান মিন্টু। এ ইউনিয়নে বিএনপির প্রার্থী হয়েছেন মো. নাজিমউদ্দিন।
বীরতারা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আহম্মদ আল ফরিদ। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল লতিফ। বিএনপির প্রার্থী হয়েছেন ছানোয়ার হোসেন।
পাইস্কা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আরিফ বজলু আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। দলটির বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ ও স্থানীয় জাহাঙ্গীর আলম। বিএনপির মনোনয়ন পেয়েছেন মো. শফিকুল ইসলাম।
বানিয়াজান ইউপিতে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের নেতা শামছুল আলম তালুকদার।
যদুনাথপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মীর ফিরোজ আহমেদ এবং বিএনপির প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।
ধোপাখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আকবর হোসেন ও বিএনপির মো. কামাল হোসেন তালুকদার।
ধনবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম এ সোবাহান বলেন, প্রতিটি ইউনিয়নে বিএনপির একক প্রার্থী থাকায় দলীয় প্রার্থীরা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ বলেন, বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় হবে। বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি ও প্রচারণায় বাধা দেওয়ার কথা অস্বীকার করেন তিনি।