ধরপাকড়ে নাকাল বিএনপির চিন্তা 'ভালো' প্রার্থী নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচন

দলীয় প্রতীকে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি। কিন্তু নতুন করে সারা দেশে ধরপাকড় ও পুরোনো মামলায় নাকাল দলটি। এ পরিস্থিতিতে মাঠপর্যায়ের সম্ভাব্য প্রার্থীরা আতঙ্কে গা ঢাকা দিয়েছেন। তাই ‘ভালো’ প্রার্থী পাওয়া নিয়েই সংশয়ে আছেন দলের নীতিনির্ধারকেরা।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বশীল একাধিক নেতা এসব কথা বলেছেন। তাঁরা বলেন, গত এক সপ্তাহে দলের অন্তত তিন হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাঁদের মধ্যে পৌর মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থী আছেন ১৭৩ জন। এ ছাড়া প্রার্থী হওয়ার মতো মাঠপর্যায়ের অনেক নেতা এখন জেলে আছেন। আর বাইরে থাকা অসংখ্য নেতা-কর্মী ব্যস্ত মামলা-মোকদ্দমা নিয়ে।
এদিকে বিএনপির রাজনৈতিক মিত্র দল জামায়াতে ইসলামীর নেতারা দাবি করছেন, গত এক সপ্তাহে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ মিলে প্রায় সাড়ে পাঁচ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম আলো সারা দেশের এই ধরপাকড় নিয়ে দেশের ৪২টি জেলায় অনুসন্ধান করে। প্রথম আলোর প্রতিনিধিরা স্থানীয় নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে যে তথ্য পেয়েছেন, তাতে দেখা যায় যে চলতি নভেম্বর মাসের ৩ থেকে ১২ তারিখ পর্যন্ত গ্রেপ্তার প্রবণ ২৯টি জেলায় ২৬৯০ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের ১১০৭ জন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন। এঁদের মধ্যে বিএনপির ২৩ জন এবং জামায়াতের ২২ জন নেতা পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় ছিলেন। গত তিন দিনে গ্রেপ্তারের সংখ্যা আরও বেড়েছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘পৌর নির্বাচন সামনে রেখে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানের নামে নিরীহ নেতা-কর্মীদের গ্রেপ্তার দুরভিসন্ধিমূলক। মনে হচ্ছে, আমরা যদি নির্বাচন করিও, যাতে ভালোভাবে করতে না পারি।’ এ অবস্থায় বিএনপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।
অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরই গ্রেপ্তার করছে, যারা নাশকতা করে, বোমা মারে, যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টির চেষ্টা করছে। কোনো রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না।’
অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাসেদুল হাসানকে সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ। তিনি সিরাজগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ছিলেন। নাটোর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, কুমিল্লার চান্দিনা পৌরসভায় সহিদুজ্জামান সরকার ও কামাল হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন। তাঁদেরও সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান, স্থানীয় নেতা সাদেকুল ইসলামসহ গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ পৌরসভায় বিএনপি-জামায়াতের সম্ভাব্য ১৮ জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। মশিউর ও সাদেকুল সুন্দরগঞ্জে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, নতুন করে সারা দেশে নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যাপকভাবে গ্রেপ্তার অভিযান চলছে। অতীত মামলায় যাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন, মেয়াদ শেষ হওয়ার পর তাঁরাও নিম্ন আদালতে যেতে ভয় পাচ্ছেন। কারণ নিম্ন আদালতে গেলে জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় একজন নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর কারণে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।
গত মাসে কিশোরগঞ্জে এক দিনেই ৯২ জন নেতা-কর্মীকে জেলে পাঠানো হয় বলে জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলার গুরুত্বপূর্ণ নেতা এম ওসমান ফারুক। একইভাবে বগুড়া জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শাহ মোহাম্মদ মেহেদি হাসান ও জামায়াতের এরশাদুল বারীকে সম্প্রতি জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। সিপার বগুড়া পৌরসভায় মেয়র পদে, অন্য দুজন কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী। নাটোর পৌরসভার বর্তমান ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান, সাজ্জাদ হোসেন, সদরুল ইসলাম, এ হাই তালুকদার, ফরহাদ হোসেন ও তাইজুল ইসলামকেও জামিন বাতিল করে সম্প্রতি জেলে পাঠানো হয়। বিএনপির স্থানীয় এই ছয় নেতা আগামী নির্বাচনেও সম্ভাব্য প্রার্থী।
এমন পরিস্থিতিতে নির্বাচনে ভালো প্রার্থী পাওয়া কি সম্ভব? এমন প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন প্রথম আলোকে বলেন, ‘বিএনপি একটি বড় দল। প্রার্থীর অভাব হয়তো হবে না। দরকার নির্বাচনে সুষ্ঠু পরিবেশ। এসব দমন-পীড়ন সরকারের জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াতে পারে।’
অনুসন্ধানে জানা যায়, ২৯ জেলার মধ্যে যশোরের আট উপজেলায় সর্বোচ্চ ৩৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে বিএনপি-জামায়াতের নেতাদের কেউ আর প্রকাশ্যে নেই। গ্রেপ্তারের ভয়ে পালিয়ে আছেন। এ ছাড়া সাতক্ষীরায় গ্রেপ্তার করা হয়েছে ৩৫৮ জনকে, লক্ষ্মীপুরে ৩৪২, নোয়াখালীতে ৩১৯, গাইবান্ধায় ১৬৯, বগুড়ায় ১৫০, খুলনায় ১১৫, ফরিদপুরে ৭৩ ও নীলফামারীতে ৭২ জনকে। অন্য ২০ জেলায়ও কমবেশি গ্রেপ্তার আছেন।
ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক প্রথম আলোকে বলেন, প্রার্থী তো পরের কথা, কর্মীরাও বাড়িতে ঘুমাতে পারছেন না। সরকার ধরপাকড়ের মাধ্যমে নীলনকশার নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। এখনো নির্বাচনের ব্যাপারে কেন্দ্র থেকে কোনো নির্দেশনা পাননি বলে জানান তিনি। আর দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান মনে করছেন, সরকারের পক্ষ থেকে যেভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, তাতে এ নির্বাচনের ফল আগে থেকেই নির্ধারণ করার আশঙ্কা রয়েছে।
জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলে এবং প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, মৌলভীবাজার পৌরসভায় দলটির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী খিজির আহমদ জেলে আছেন। চুয়াডাঙ্গার দর্শনায় জামায়াতের নেতা আজিজুল ইসলাম ৫ নম্বর ওয়ার্ড ও শিবিরের নেতা সাইফুল আলম ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। একইভাবে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় মিজানুর রহমান, চাটখিলে মো. সাইফুল্লাহ, চৌমুহনীতে নাছিমুল গণি চৌধুরী, নওগাঁয় হোসাইন মুহাম্মদ মুজাহিদ, নজিপুরে আক্কাছ আলী, সিলেটের কানাইঘাটে আবদুল করিম মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ছিলেন। এ ছাড়া লক্ষ্মীপুরে সামছুল ইসলাম ও মহিব উল্লাহ, রায়পুরে ফজলুল হক ছিলেন সম্ভাব্য কাউন্সিলর পদের প্রার্থীর তালিকায়। সবাই এখন কারাবন্দী।
এ বিষয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গত বৃহস্পতিবার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান। তাতে তিনি পরিস্থিতির উল্লেখ করে বলেন, বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাই যদি সরকারের লক্ষ্য হয়ে থাকে, তাহলে নির্বাচনের নামে প্রহসনের প্রয়োজন কী? ক্ষমতার বলে দলীয় লোকদের বসিয়ে দিলেই পারে।
বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলছেন, সরকার পৌর নির্বাচনের উদ্যোগ নিয়েই সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। ডিসেম্বরে ২৪৫টি পৌরসভায় ‘একতরফা’ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সরকার। এ লক্ষ্যে টার্গেট করে বিরোধী দলের জনসমর্থন অধ্যুষিত অঞ্চলে ধরপাকড় করা হচ্ছে। বিশেষ করে পৌর এলাকাগুলোতে। নির্বাচনে এজেন্ট হতে পারেন অথবা সরকারদলীয় প্রার্থীর জন্য ঝুঁকির কারণ হতে পারেন, এমন নেতা-কর্মীদেরও বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘প্রতিপক্ষের সম্ভাব্য প্রার্থীদের এভাবে কারাবন্দী করে নির্বাচন হবে তিন সিটি করপোরেশনের মতোই প্রহসনের। তা হবে আরেকটি অর্থহীন নির্বাচন। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য এবং সামাজিক স্থিতিশীলতা রাখতে এখন দরকার জাতীয় পর্যায়ের নির্বাচন।’