ধরমপাশা ও সরাইলে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পৃথক কর্মসূচির ঘোষণা দেওয়ায় ওই এলাকায় গতকাল শুক্রবার ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। গতকাল ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
অন্যদিকে পাল্টাপাল্টি সভা ডাকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। গতকাল দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ দেওয়া হয়।
ধরমপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ পৃথক কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়।
সরাইল থানার পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের আবদুর রহমান নামের এক ব্যক্তি উপজেলায় একটি মেলা করার অনুমতি পান। মেলার আয় দিয়ে স্থানীয় একটি বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হবে বলে এলাকায় প্রচারণা চালান তিনি। এ জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনসুর আলীকে আহ্বায়ক করে কমিটিও করা হয়। অন্যদিকে শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদকে আহ্বায়ক করে অন্য একটি পক্ষ মেলা প্রতিরোধ কমিটি করে।
গতকাল দুপুর তিনটার দিকে মনসুর আলী শাহবাজপুর বাজার এলাকায় সভা ডাকেন। কিন্তু একই দিন বেলা দুইটার দিকে ওই স্থানে মেলাবিরোধী সমাবেশের ডাক দেয় বিরোধী পক্ষ। সংঘাত এড়াতে প্রশাসন শাহবাজপুর প্রথম গেট এলাকার জিলানি পেট্রলপাম্প থেকে রামপুরা সেতু পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করে।
সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, সংঘর্ষ এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া এলাকায় পুলিশও মোতায়েন রয়েছে।