
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা মাছ ধরছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাঁধ কেটে ফেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর ধানি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওর এলাকায় গত শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, হুলাসখালী ফসল রক্ষা বাঁধের পূর্ব পাড়ে ত্রিপল ও বাঁশ দিয়ে ছোট্ট দুটি ঘর স্থাপন করা হয়েছে। আর খালে পেতে রাখা হয়েছে একটি বড় আকারের ভিম জাল। সেখানে থাকা জেলেরা বলেন, সারা দিন মাছ ধরা শেষে বিক্রির টাকার একটা অংশ তাঁদের দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হুলাসখালী গ্রামের সামনে ফসল রক্ষা বাঁধের ২৫-৩০ ফুট জায়গা দুই সপ্তাহ আগে কেটে দেওয়া হয়। সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. জুবায়ের, সাধারণ সম্পাদক বখতিয়ার আমীন, সাংগঠনিক সম্পাদক আবুল ও ইউনয়ন যুবলীগের সদস্য সাইদুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন লোক মাছ ধরার জন্য বাঁধের ওই স্থানটি কেটে খাল তৈরি করেন। এখন সেখানে জাল পেতে পুরোদমে মাছ শিকার করা হচ্ছে। আর পেতে রাখা ভিম জালেপোনা মাছও ধরা যায়।
এ বিষয়ে এরশাদুল ইসলাম বলেন, ‘ফসল রক্ষা বাঁধটি নতুন করে কাটা হয়নি। জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে পানির প্রবল ধাক্কায় বাঁধটি ভেঙে গিয়েছিল। যুবলীগের কয়েকজন নেতার নেতৃত্বে ওই খালে জাল পেতে মাছ শিকার করা হচ্ছে। আর মন চাইলে আমি সেখানে মাঝেমধ্যে আসা যাওয়া করি।’
ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম রাজা চৌধুরী বলেন, কীভাবে কী করা হচ্ছে, তা তিনি জানেন না। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বখতিয়ার আমীন, সহসভাপতি মো. জুবায়ের, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের ও সদস্য সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা ফসল রক্ষা বাঁধ কেটে সেখানে মাছ শিকার করছেন। এতে বোরো চাষ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তাঁরা এর প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বলেন, তিনি বাধা দিলেও কোনো কাজ হয়নি। তবে নতুন করে আর যাতে কেউ বাঁধ কাটতে না পারে, সে জন্য তিনি পাহারা বসিয়েছেন। স্থানীয় প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীরের মুঠোফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, সরকারি সম্পদ নষ্ট করার কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।