ধরমপাশায় বিএনপির দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজার ও বাজার সংলগ্ন এলাকায় আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মধ্যনগর বাজারে স্থানীয় বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।
দুই পক্ষের অন্তত ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিক চৌধুরী ও স্থানীয় নেতা আবদুল মোতালিব খানের মধ্যে বিরোধ চলে আসছে। মধ্যনগর বাজারে কাল দুপুর ১২টায় রফিক চৌধুরী সমর্থিত মধ্যনগর ইউনিয়ন বিএনপি ও চামরদানী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করে। আবদুল মোতালিব খান সমর্থিত নেতা-কর্মীরাও একই সময় একই স্থানে মধ্যনগর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করেন। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীরা গত ৩-৪ দিন ধরে মাইকিং করে কর্মসূচির প্রচার চালিয়ে আসছিলেন। বিএনপির দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে আজ মাইকিং করে।
আবদুল মোতালিব খান সমর্থিত মধ্যনগর থানা বিএনপির আহ্বায়ক সবুজ মিয়া বলেন, ‘জেলা কমিটির নির্দেশ মেনেই আমরা দলীয় কার্যক্রম চালিয়ে আসছি। ওদের কার্যক্রমের কোনোরকম বৈধতা নেই। আমাদের দলীয় কর্মসূচিতে বাধাগ্রস্ত করতেই কিছু সংখ্যক বিএনপি নামধারী লোকজন এ ব্যবস্থা নিয়েছে।’
রফিক চৌধুরী সমর্থিত মধ্যনগর থানা বিএনপির আহ্বায়ক আবদুল বারী খন্দকার বলেন, ‘রফিক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তাঁর নির্দেশেই আমরা তৃণমূলের নেতা-কর্মীদের নিয়েই সংগঠন করছি। বিগত নির্বাচনে ওরা আমাদের দলীয় প্রার্থীর বিরোধিতা করে নির্বাচন করেছিল। ওরা প্রকৃত বিএনপির নেতা-কর্মী নয়। আমাদের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই ওরা পাল্টা কর্মসূচি দিয়েছে।’
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। রফিক চৌধুরীর মোবাইলও বন্ধ পাওয়া গেছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, একই স্থানে দুই পক্ষের সভা আহ্বান করায় পরিস্থিতি খুবই উত্তপ্ত। তাই কর্মসূচি স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক বলেন, একই স্থানে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় সংঘর্ষ এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর বাজার ও বাজার সংলগ্ন এলাকায় কাল সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।