সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার একই সময়ে একই স্থানে প্রতিবাদ সমাবেশ ডাকেন। এতে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন গতকাল বেলা পৌনে দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধরমপাশা সদর বাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের প্রধান সড়কে ১৪৪ ধারা জারি করে।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন একাংশের এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস অন্য একটি অংশের নেতৃত্বে রয়েছেন। গতকাল বেলা পৌনে দুইটার দিকে সাংসদ মোয়াজ্জেম হোসেনের সমর্থিত নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও রামদা নিয়ে ধরমপাশা সদরের পূর্ব বাজার থেকে দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। প্রায় একই সময়ে সদর পশ্চিমবাজার থেকে এস এ বিলকিসের অনুসারীরা দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইউএনও ঘটনাস্থলে ছুটে গিয়ে ১৪৪ ধারা জারি করেন।
সাংসদ সমর্থক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘গত শুক্রবার বিকেলে পাশের বিশম্ভরপুর উপজেলায় বঙ্গবন্ধু সৈনিক ক্লাবে অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নানকে উদ্দেশ করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান কটূক্তি করেন। এর প্রতিবাদে দলীয় কার্যালয়ে সমাবেশ ডাকা হয়। সকাল থেকে দলীয় কার্যালয়ের ভেতরে আমাদের কিছু নেতা-কর্মী ছিলেন। আমরা সেখানেই এই সমাবেশ করেছি। আমাদের সমাবেশ শুরুর পর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস বলেন, ‘জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি কাউকে কটূক্তি করেননি। তাঁকে উদ্দেশ করে অপপ্রচার চালানো ধৃষ্টতার শামিল। আর এরই প্রতিবাদে আমরা দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলাম। উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আমরা ধরমপাশা পশ্চিমবাজার সড়কে প্রতিবাদ সমাবেশ করেছি।’
ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, সদর বাজারের প্রধান সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়।
ইউএনও মোহাম্মদ নাজমুল হক প্রথম আলোকে বলেন, দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় জনগণের জানমালের নিরাপত্তা ও সংঘর্ষ এড়াতে ধরমপাশা সদর বাজারের প্রধান সড়কে ১৪৪ ধারা জারি করা হয়।