ধরমপাশায় ২০ বছর পর যুবলীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২০ বছর পর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার জনতা মডেল উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হচ্ছে।
সংগঠনটির উপজেলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ১৩ জুন সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন হয়। এই কমিটি ২০০১ সালের জুনের মাঝামাঝি পর্যন্ত কাজ করে। পরে চারবার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিগুলো মাত্র তিন মাসের জন্য দায়িত্ব নিয়ে বছরের পর বছর সময় পার করেছে। নিয়মানুযায়ী ১৯৯৬ সালেই সম্মেলন করে নতুন কমিটি গঠন করার কথা ছিল।
সূত্র আরও জানায়, ২০১২ সালের ২০ জুন জুবায়ের পাশাকে আহ্বায়ক ও ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৩৭ সদস্যবিশিষ্ট সর্বশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু নানা কারণে ওই কমিটিও যথাসময়ে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করতে পারেনি। তাই যথাসময়ে উপজেলা যুবলীগের সম্মেলনও হয়নি।