ধর্ম নিয়ে আওয়ামী লীগ 'সুবিধাবাদী': রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ম নিয়ে আওয়ামী লীগের অবস্থান ‘সুবিধাবাদী’ বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আসলাম চৌধুরী নয়, মোসাদ ষড়যন্ত্রের মূল হোতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইসলামি দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আশা করব, ধর্মভিত্তিক দলগুলো খালেদার বিএনপির ইহুদি ষড়যন্ত্র মোকাবিলায় মাঠে নামবে।’
হানিফের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সমর্থন আদায়ের জন্য কখনো ইসলামিক হয়ে যায়, আবার কখনো ধর্মনিরপেক্ষ আবার কখনো নাস্তিক হয়ে যায়। সমর্থন আদায়ের জন্য যখন যেটা প্রয়োজন, তখন তারা সেটা করে।’ তিনি দাবি করেন, হানিফের বক্তব্যে মানুষ কৌতুক বোধ করছে।
রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ এখন বিএনপির নেতা আসলাম চৌধুরীকে নিয়ে কল্পকাহিনি প্রচার করছে। তিনি এটিকে জনগণের সহানুভূতি আদায়ের জন্য আওয়ামী লীগের ‘নাটক’ বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যখন যাকে প্রয়োজন, তখন তাকে ব্যবহার করে ও করবে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের পর এখন আওয়ামী লীগ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) নিয়ন্ত্রণে আইন করছে। বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল সংসদে আনা হচ্ছে, যাতে কেউ নিচু গলায়ও সরকারের সমালোচনা করতে না পারে। এ আইন প্রণয়নের মাধ্যমে সরকারের বেপরোয়া দুর্নীতি ও স্বেচ্ছাচারকে নিরাপদ করা হবে, যাতে কোনো বেসরকারি সংগঠন ও ওয়াচ ডগ সরকারের রাষ্ট্রীয় লুটপাট, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করতে না পারে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।