ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতার নাম আরিফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বন ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, সম্প্রতি আরিফুলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিন্দুধর্ম নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেওয়া হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এর জের ধরে গতকাল সোমবার আরিফুলকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব দিতে বলা হয়েছে ১৪ আগস্টের মধ্যে।

এ বিষয়ে জানতে চেষ্টা করা হলেও আরিফুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী বলেন, আরিফুলকে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।