ধর্ম নিয়ে আওয়ামী লীগ 'সুবিধাবাদী' : রিজভী
ধর্ম নিয়ে আওয়ামী লীগের অবস্থান ‘সুবিধাবাদী’ বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আসলাম চৌধুরী নয়, মোসাদ ষড়যন্ত্রের মূল হোতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইসলামি দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইহুদি-নাসারারা ইসলামের শত্রু। তারা যখন ফিলিস্তিনের মুসলিমদের ওপর আক্রমণ করেছিল, তখন এই বাংলাদেশে সমস্ত ধর্মভিত্তিক দলগুলো আন্দোলনে নেমেছিল। আজ আপনারা কোথায়? আপনারা আজ কেন চুপ করে আছেন? আমি আশা করব, ধর্মভিত্তিক দলগুলো খালেদার বিএনপির ইহুদি ষড়যন্ত্র মোকাবিলায় মাঠে নামবে। আন্দোলনের মাধ্যমে আপনারা এই বার্তা দেবেন যে এই বাংলাদেশে ইহুদি ষড়যন্ত্র সফল হবে না। ইসরায়েল বা ইহুদিদের সঙ্গে কোনো আপস হতে পারে না।’
হানিফের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আওয়ামী লীগ সমর্থন আদায়ের জন্য কখনো ইসলামিক হয়ে যায়, আবার কখনো ধর্মনিরপেক্ষ, আবার কখনো নাস্তিক হয়ে যায়। সমর্থন আদায়ের জন্য যখন যেটা প্রয়োজন, তখন তারা সেটা করে। তিনি দাবি করেন, হানিফের বক্তব্যে মানুষ কৌতুক বোধ করছে।
রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে। এখন বিএনপি নেতা আসলাম চৌধুরীকে নিয়ে কল্পকাহিনি প্রচার করছে। তিনি এটিকে জনগণের সহানুভূতি আদায়ের জন্য আওয়ামী লীগের নাটক বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যখন যাকে প্রয়োজন, তখন তাকে ব্যবহার করে ও করবে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের পর এখন আওয়ামী লীগ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) নিয়ন্ত্রণে আইন করছে। বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল সংসদে আনা হচ্ছে, যাতে কেউ নিচু গলায়ও সরকারের সমালোচনা করতে না পারে। এ আইন প্রণয়নের মাধ্যমে সরকারের বেপরোয়া দুর্নীতি ও স্বেচ্ছাচারকে নিরাপদ করা হবে; যাতে কোনো বেসরকারি সংগঠন ও ওয়াচ ডগ সরকারের রাষ্ট্রীয় লুটপাট, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করতে না পারে।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও রিজভী নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এখনো ক্ষমতাসীনেরা ইউপি নির্বাচন সামনে রেখে সারা দেশে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।